ক্যালিসকে ছাড়িয়ে নতুন মাইলফলকে বিরাট কোহলি

চলমান অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে খুব একটা সফল নন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে টানা দুই ইনিংসে ‘ডাক’ মারলেও, ফিল্ডিংয়ে আবারও দেখালেন কেন এখনো তিনি ভারতীয় ক্রিকেটের প্রাণভোমরা। তৃতীয় ওয়ানডেতে দুটি অসাধারণ ক্যাচ নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।

সিডনির ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই চমৎকার ক্যাচ ধরে জ্যাক ক্যালিসকে পেছনে ফেলেছেন কোহলি। এই দুটি ক্যাচের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট ক্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯-এ। এতে ক্যালিসের (৩৩৮) রেকর্ড ছাড়িয়ে এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ক্যাচধারীদের তালিকায় চতুর্থ স্থানে। তার ওপরে আছেন তিন কিংবদন্তি— মাহেলা জয়াবর্ধনে (৪৪০), রিকি পন্টিং (৩৬৪) ও রস টেলর (৩৫৪)।

প্রথম ক্যাচে স্কয়ার লেগে ওয়াশিংটন সুন্দরের বলে বিদায় করেন সেট ব্যাটসম্যান ম্যাথু শর্টকে (৫৬)। দ্বিতীয়বার লং-অফে হার্ষিত রানার বলে কুপার কনোলির (২৩) উড়ন্ত শটটি নিখুঁতভাবে তালুবন্দি করেন তিনি। দুই ক্যাচেই ঝলক দেখা গেছে সেই পুরনো, মনোযোগী ও প্রাণবন্ত বিরাট কোহলির।

Leave a Comment