দাবা ঘড়ি
দাবা ঘড়ি । দাবা খেলার ১২ নম্বর আইন । খেলাধুলার আইন
১. প্রতি খেলোয়াড়কেই পূর্ব নির্ধারিত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক চাল সমাপ্ত করতে হবে। কোন একটি পর্বে একজন খেলোয়াড় যতটুকু সময় বাঁচাবে তা তার পরবর্তী পর্বের সাথে সংযুক্ত হবে ।
২. প্রতিটি খেলোয়াড়ের সময়সীমা ঘড়ির পতাকা বা অন্য কোন বিশেষ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। পতাকার পতন তখনই হয়েছে বলে ধরে নেয়া হবে যখন বিচারক লক্ষ্য করবেন পতাকাটি পড়ে গেছে, বা নির্দিষ্ট সময়কাল অতিক্রান্ত হবার পরও কোন অসুবিধার জন্য পতাকার পতন হয়নি অথচ মিনিটের কাঁটাটি পতাকার প্রান্তসীমা অতিক্রম করেছে। যদি বিচারক এক্ষেত্রে উপস্থিত নাও থাকেন, সেক্ষেত্রেও একজন খেলোয়াড়ের আবেদনের প্রেক্ষিতে পতাকার পতন হয়েছে বলে ধরে নিতে হবে।
৩. খেলা শুরুর নির্ধারিত সময়ে শাদা খুঁটির দিকের ঘড়ি প্রথম চালু করতে হবে। খেলা চলাকালীন সময়ে প্রত্যেক খেলোয়াড় নিজস্ব চাল দেবার পর পরই নিজের ঘড়ি বন্ধ করে বিপক্ষের ঘড়ি চালু করে দেবেন।
৪. ঘড়িতে যদি কোন প্রকার ত্রুটি থাকে, এবং কোন খেলোয়াড় তা বুঝতে বা ধরতে পারে, তবে তা সঙ্গে সঙ্গে বিচারককে জানাতে হবে। তবে তা কখনই সময়চাপের ক্ষেত্রে উল্লেখ করা যাবে না। ঘড়িতে প্রকট কোন ত্রুটি থাকলে তা পরিবর্তন করতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়ের অতিক্রান্ত সময়টুকু যত সূক্ষ্মভাবে সম্ভব নতুন ঘড়িতে উপস্থাপন করতে হবে।
৫. যদি এমন কোন কারনে খেলা সাময়িকভাবে বন্ধ করতে হয়, যাতে কোন খেলোয়াড়ই এককভাবে দায়ী নয়, তখন বিচারক উভয়েরই ঘড়ি সাময়িকভাবে বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ অবস্থা ঘটে তখনই, যখন কোন অবৈধ অবস্থান সঠিক বা বৈধভাবে স্থাপন করা হয় বা ত্রুটিযুক্ত ঘড়ি পরিবর্তন করতে হয় বা পদোন্নত কোন বড়ের পরিবর্তে নতুন কোন খুঁটি তাৎক্ষনিকভাবে হাতের কাছে পাওয়া না যায়।
৬. আইন ৮১ ও ৮.২ অনুযায়ী যদি বোঝা না যায় যে কোন খেলোয়াড় কতটুকু সময় ব্যয় করেছেন, তবে ঘড়িতে প্রদর্শিত সময় অনুযায়ী ঘড়িতে অপ্রদর্শিত সময়টুকু উভয় খেলোয়াড়কে আনুপাতিক হারে ভাগ করে দিতে হবে। মনে করা যাক, কালোর ৩০ চালের পর বোঝা গেল যে ২০ চালের সময় একটি অনিয়ম ঘটে গেছে। এই ৩০টি চালের জন্য শাদা এবং কালোর ঘড়িতে ব্যয়িত সময় দেখা গেল যথাক্রমে ৯০ মিনিট ও ৬০ মিনিট।
সুতরাং, ধারণা করা যায় যে, প্রথম ২০টি চালের জন্য খেলোয়ারদের ব্যয়িত সময় ছিল নিম্নরূপঃ
সাদাঃ ৯০.২০/৩০=৬০মিনিট
কালো:৬০.২০/৩০ = ৪০মিনিট
এবার অনিয়মটি ঠিক করে নিয়ে শাদা ও কালোর ঘড়িতে উপরোক্ত সময় নির্দেশ করে ২০ টি চালের পর থেকে খেলা পুনরায় শুরু করতে হবে।
৭. খেলা থেকে পদত্যাগ বা উভয় খেলোয়াড়ের সম্মতিতে খেলা অমীমাংসিত রাখার সিদ্ধান্ত বৈধ থাকবে, যদিও পরবর্তীতে দেখা যায় ঘড়ির পতাকা পূর্বেই পড়ে গেছে।
৮. যদি প্রায় একই সময়ে উভয় ঘড়ির পতাকা পড়ে যায় বা বিচারক বুঝতে না পারেন যে কোন কাঁটাটি আগে পড়েছে, সেক্ষেত্রে খেলা অব্যাহত থাকবে।
৯. কোন অবস্থাতেই বিচারক একজন খেলোয়াড়কে বিপক্ষ খেলোয়াড় চাল প্রদান করেছে, বা চালের পর নিজের ঘড়ি বন্ধ করেনি বা কতগুলো চাল সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কোন প্রকার ইঙ্গিত দেয়া থেকে বিরত থাকবেন ।
