পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্বে আবারও নিযুক্ত হতে যাচ্ছেন মিকি আর্থার, এমনটাই খবর পাকিস্তানি গণমাধ্যম জিও মিডিয়ার।এর আগে ২০১৬ থেকে ২০১৮ সালে পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। আর্থারের অধীনের ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ম্যান ইন গ্রিন।
শেঠি পিসিবির প্রধান হওয়ার পরপরই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনুজমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। এখন শোনা যাচ্ছে, শিগগির নতুন কোচও নিয়োগ দেবেন শেঠি। যার নাম শোনা যাচ্ছে, নতুন কোচ হিসেবে তিনি অবশ্য পাকিস্তানের ক্রিকেটে নতুন নন! এর আগেও পাকিস্তান কোচের দায়িত্ব পালন করা মিকি আর্থারকেই নাকি আবার আনতে চাইছে পিসিবি। পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, পিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আর্থার।
পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে নাজাম শেঠি প্রথম যে বৈঠকটি করেছেন, সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবির একটি সূত্র।
ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে রয়েছেন আর্থার। তবে শিগগির তার চুক্তির মেয়াদ শেষ হবে সেখানে। অন্যদিকে অন্তর্বর্তী কোচ সাকলাইনের সঙ্গে পিসিবির চুক্তিও শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষে। সব মিলিয়ে সেই সময়ই আর্থার পাকিস্তানের কোচ হয়ে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আর্থার পাকিস্তানের দায়িত্বে ছিলেন ৬ মে ২০১৬ থেকে ৭ আগস্ট ২০১৯ পর্যন্ত। এই সময়ের মধ্যে ২০১৬ সালে পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছিল। ২০১৭ সালে জিতেছিল ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। আর ২০১৮ সালে পাকিস্তানকে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি দল বানিয়েছিলেন তিনি। যে কারণে তার প্রতি আগ্রহই বেশি পাকিস্তান ক্রিকেট নতুন পরিচালনা পরষদের।