বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফুটবলারদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স”-এ বক্তব্য দিতে গিয়ে তিনি ফুটবল খেলোয়াড়দের আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেন।
আসিফ আকবর বলেন, “ফুটবলারদের জন্য সারাদেশে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে। তারা উইকেট নষ্ট করে, মাঠ দখল করে রাখে। কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচের মতো পরিস্থিতি এখন প্রায় সব জেলায় দেখা যায়। এমন জায়গাতেও ফুটবল মাঠ দখল করে রেখেছে, যেখানে খেলার কোনো আয়োজনই নেই।”
তিনি আরও যোগ করেন, “ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলছি—ক্রিকেট ভদ্রলোকের খেলা, এখানে নিয়ম-কানুন আছে। কিন্তু ফুটবলে একজনের গায়ে বল লাগলে অন্যজন মিথ্যা বলে দেয়, থ্রো আমার। শুরুটাই অসৎ মানসিকতা থেকে।”
বিসিবি সভাপতির উদ্দেশে আসিফ আকবর বলেন, “আমি বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করবো, বাফুফের (ফুটবল ফেডারেশন) সঙ্গে দ্রুত আলোচনায় বসুন। আমরা মারামারি করতে চাই না, কিন্তু প্রয়োজন হলে করব। কারণ আমাদের খেলোয়াড়দের মাঠে নামতেই হবে। আমাদের ছেলেমেয়েরা খেলবে—এটাই আমাদের শপথ।”
এদিকে বিসিবি পরিচালকের এই মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক ফুটবলার গোলাম গাউস। তিনি বলেন, “আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই না। তিনি যা বলেছেন, তাতে ফুটবলের কোনো ক্ষতি নেই। তবে তাঁর বক্তব্যে শালীনতা ছিল কি না, সেটা প্রশ্নসাপেক্ষ।”
