প্রথম মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের নানা প্রান্তে তিনি নিজে গিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে বিসিবির আঞ্চলিক অফিস স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছিলেন।
এবার নতুন উদ্যোগ হিসেবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করতেই এই কনফারেন্স আয়োজন করা হচ্ছে।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, “বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট বিস্তৃত। আমরা চাই সবাইকে জানতে, বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত চিত্র বুঝতে। জেলা ক্রিকেট প্রেসিডেন্ট, ক্রীড়া কর্মকর্তা, কোচ, নারী উদ্যোক্তা—সবাইকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাই, বাংলাদেশের ক্রিকেটের কী প্রয়োজন, বিসিবি কীভাবে সহায়তা করতে পারে এবং সবাই মিলে কীভাবে ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া যায়।”
আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। এ বিষয়ে বুলবুল বলেন, “দিনের শেষে আমরা সবাই ক্রিকেট উপভোগ করব, ক্রিকেট নিয়েই আনন্দ করব। এই কনফারেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করব, একে অপরকে জানব এবং এখান থেকেই আমাদের নতুন যাত্রা শুরু হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেট সংগঠকরা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আমরা তাদের একত্র করতে চাই, যেন সবাই মিলে বিসিবির ভিশন ও মিশন ভাগাভাগি করে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে পারেন। এই উদ্দেশ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করছি।”
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেটের বিস্তার ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বুলবুল বলেন, “বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত উদ্দেশ্য ও ভিশন বুঝতে হলে প্রথমে জানতে হবে জেলা-উপজেলায় কীভাবে ক্রিকেট চলছে। সেখানকার কথা শুনে, তাদের সক্ষমতা বুঝে, যে ঘাটতি থাকবে তা পূরণ করাই আমাদের লক্ষ্য। এর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে, ক্রিকেট এগিয়ে যাবে এবং সবাই মিলে ক্রিকেট উপভোগ করতে পারব।”
