বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তার দাবি, মঞ্জুর তাকে পিরিয়ডের ব্যাপারে অস্বস্তিকর প্রশ্ন করে বাজে প্রস্তাব দিয়েছেন এবং অনেকবার হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরেছেন।
জাহানারা আলম তার অভিযোগে বলেন, মঞ্জুর একদিন তাকে তার কাঁধে হাত রেখে পিরিয়ডের সময়কাল সম্পর্কে প্রশ্ন করেন এবং বলেছিলেন, “পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস।” এ ধরনের অসংযত কথাবার্তা ও আচরণ তাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল।
এই অভিযোগের বিষয়ে জাহানারা বলেন, তিনি বহুবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে এসব ঘটনার প্রতিবাদ জানালেও কোন কার্যকরী প্রতিকার পাননি। তিনি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হতো, পরে আবার যা তাই।”
অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আরো জানান, মঞ্জু বিশ্বকাপের সময়ও খেলার পর হ্যান্ডশেকের বদলে তাকে জড়িয়ে ধরতেন। এ ধরনের ঘটনা তার জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল।
এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপ বার্তায়ও কোনো উত্তর দেননি। মঞ্জু ২০২০ সালের অক্টোবর মাসে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন। এছাড়া, তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন।
এখন, বিচার না পেয়ে জাহানারা আলম বলেন, তিনি বিসিবির কাছে কোনো বিচার চান না, বরং এই ঘটনার বিচার তিনি আল্লাহর কাছে চান।
