কাতার বিশ্বকাপ শেষ হলেও এমিলিয়ানো মার্টিনেজ ও কিলিয়ান এমবাপ্পে ইস্যুতে এখনও সরগরম ফুটবল পাড়া। ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের আগের ও পরে এমবাপ্পেকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন মার্টিনেজ। যদিও বিষয়টি নিয়ে এতদিন কিছুই বলেননি ফরাসি তারকা। অবশেষে মুখ খুললেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালের আগে সংবাদমাধ্যমে মার্টিনেজ বলেন, এমবাপ্পে নাকি ফুটবলই বোঝেন না। এমনকি শিরোপা জেতার পর নিজেদের ড্রেসিংরুমে পিএসজি ফরওয়ার্ডের জন্য এক মিনিট নীরবতা পালন করেন এই তারকা গোলরক্ষক। সেখানেই সীমাবদ্ধ থাকেননি মার্টিনেজ। শিরোপা নিয়ে দেশে ফিরে গিয়েও ঘটান এক বিতর্কিত কাণ্ড।
ছাদখোলা বাসে সংবর্ধনার সময় এমবাপ্পের মুখের পুতুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মার্টিনেজ। এরপর থেকেই গুঞ্জন ওঠে মার্টিনেজের এসব কাণ্ডে পিএসজিতে মেসি ও এমবাপ্পের সম্পর্কে ফাটল ধরবে। যদিও এমন গুঞ্জনকে আর ডালপালা মেলতে দিলেন না সাবেক মোনাকো তারকা। জানালেন, এসবে কান না দিয়ে নিজের পারফরম্যান্স নিয়ে ভাবতে চান তিনি।
গত রাতে স্ট্রার্সবার্গের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের এমবাপ্পে বলেন, ‘মার্টিনেজের উদযাপন করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এসব নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া।’
মেসিকে নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরা মেসির অপেক্ষায় আছি। আবারও একসাথে খেলতে চাই। একসাথে গোল উদযাপন করতে চাই। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে আমি ওর সাথে কথা বলেছি। অভিনন্দন জানিয়েছি। সে সারাজীবন এমন কিছুর অপেক্ষায় ছিল। আমিও জিততে চেয়েছিলাম। সেটা পারিনি।’