মেসির নতুন চুক্তি, ২০২৮ পর্যন্ত থাকছেন ইন্টার মায়ামিতে

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন।

ক্লাবের এক বিবৃতিতে মেসি বলেন, “এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পটি চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মিয়ামি ফ্রিডম পার্কের স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মিয়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।”

ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম নতুন চুক্তি প্রসঙ্গে বলেন, “মেসির এই সিদ্ধান্ত তার শহর, ক্লাব এবং খেলার প্রতি প্রতিশ্রুতি প্রমাণ করে। তিনি এখনও জিততে চান, খেলাকে গভীরভাবে ভালোবাসেন এবং এই দেশে খেলার মাধ্যমে পরবর্তী প্রজন্মের তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করেছেন। এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুবই সৌভাগ্যের।”

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ইন্টার মায়ামি ২০২৩ সালে লিগস কাপ জিতে ক্লাবের প্রথম বড় ট্রফি অর্জন করে।

Leave a Comment