মেসি গোল করেও জেতেনি ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে ইন্টার মায়ামি কখনও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। আজ সেই সুযোগটি ছিল লিওনেল মেসিদের সামনে। কিন্তু নাশভিলের মাঠ জিওডিস পার্কে সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। নির্ধারিত ৯০ মিনিটে মেসি গোল করলেও তার আগে দুটি গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে।

তবে এই হারের পরও মায়ামির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগামী ৮ নভেম্বর আবারও মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও নাশভিল। সেই ম্যাচের জয়ী দল কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নেবে।

আজকের ম্যাচে মায়ামি গোল হজম করেছে ৯ ও ৪৫ মিনিটে। ৯ মিনিটে স্যাম সারিজের পেনাল্টি থেকে আসে প্রথম গোল। মায়ামির গোলরক্ষক রোকো রিওস ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। তিনি বলেন, “পেনাল্টিটা আমাদের জন্য ধাক্কা ছিল। কারণ, তখন পর্যন্ত আমরা ভালো খেলছিলাম। আমার মনে হয়, সিদ্ধান্তটা বিতর্কিত। রেফারিং নিয়ে আমি সাধারণত কিছু বলি না, কিন্তু এবার বলতে হচ্ছে—পেনাল্টির সিদ্ধান্তটি ভিএআরে না যাওয়াটা অদ্ভুত ছিল।” প্রথমার্ধের শেষ মুহূর্তে নাশভিলের দ্বিতীয় গোলটি করেন জশ বাউয়ের।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৯০ মিনিটে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে গোলের দেখা পান লিওনেল মেসি। যোগ করা সময়ে সমতাসূচক গোলের চেষ্টা চালিয়েও নাশভিলের শক্ত রক্ষণভাগের দেয়াল ভাঙতে পারেনি মায়ামি। ফলে ম্যাচ শেষ হয় তাদের পরাজয়ে।

উল্লেখ্য, এমএলএস প্লে–অফের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় ‘বেস্ট অব থ্রি’ সিরিজে। প্রথম দুটি ম্যাচে একই দল জয়ী হলে তৃতীয় ম্যাচের প্রয়োজন পড়ে না। ইন্টার মায়ামি প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছিল, তাই আজই সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু নাশভিলের জয়ে সিরিজটি এখন গড়িয়েছে তৃতীয় ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে।

Leave a Comment