অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা সম্প্রতি নিজের পছন্দের সেরা পাঁচ ভারতীয় ওয়ানডে ব্যাটারের তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় বিরাট কোহলিকে এক নম্বরে রাখলেও, চমক দিয়ে শচীন টেন্ডুলকারকে পেছনে রেখে রোহিত শর্মাকে দিয়েছেন দ্বিতীয় স্থান।
ম্যাকগ্রার মতে, সেরা পাঁচের অবস্থান হলো
১) বিরাট কোহলি
২) রোহিত শর্মা
৩) শচীন টেন্ডুলকার
৪) এমএস ধোনি
৫) যুবরাজ সিং
তালিকায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ধ্বংসাত্মক ওপেনার বীরেন্দ্র শেবাগের স্থান পাননি।
শচীন টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারে ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান রয়েছে, আর রোহিত শর্মা ২৭৬ ম্যাচে ১১,৩৭০ রান করেছেন। ম্যাকগ্রা রোহিতের এই রেকর্ডকে ‘অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাকগ্রা বলেন,
“আমার দ্বিতীয় পছন্দ রোহিত শর্মা। ওয়ানডেতে তার পরিসংখ্যান এবং খেলার ধরন সত্যিই অসাধারণ। তিনটি ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস, এমন রেকর্ড এক কথায় অনন্য। ২৭৬ ম্যাচে ১১ হাজারের বেশি রান, অসাধারণ পারফরম্যান্স।”
তিনি আরও যোগ করেন,
“প্রথম স্থানে বিরাট কোহলি। তার রানসংখ্যা, গড় ও স্ট্রাইক রেট, সবকিছুই অবিশ্বাস্য।”
অন্যদিকে, রোহিত শর্মা সম্প্রতি একটি নতুন ইতিহাস গড়েছেন। তিনি এখন ভারতের সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেছেন। বর্তমান অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলে ৩৮ বছর ১৮২ দিন বয়সে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন তিনি।
রোহিতের এই অর্জন এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলাফল হিসেবে। সিরিজে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তিন ম্যাচে করেছেন ২০২ রান, গড় ১০১। এর ফলে পেয়েছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার। অন্যদিকে, শুভমান গিল এই তিন ম্যাচে মাত্র ৪৩ রান সংগ্রহ করতে পেরেছেন।
