যুব বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এই ধারাবাহিকতায় উন্নত প্রশিক্ষণের জন্য নভেম্বর মাসে দলটিকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে।
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ভারতে শুরু হবে। একই দিনে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল প্রায় ২৫ সদস্যের দল নিয়ে। কিন্তু এত সংখ্যক খেলোয়াড়ের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সাক্ষাৎকার দূতাবাস দিতে না পারায় সফর স্থগিত করা হয়েছে।
নতুন কোচ আইকম্যান সুইজারল্যান্ডে স্বাগতিক দলের পাশাপাশি অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলেন। তবে সফর বাতিল হওয়ায় বাংলাদেশ দল কিছুটা সমস্যার মধ্যে পড়ে।
ফেডারেশন এখন দলটিকে বিশ্বকাপের শুরু ১০ দিন আগে ভারতে পাঠানোর পরিকল্পনা করছে। ১৮ নভেম্বর ঢাকা ছাড়বে যুব দল। ভারতে গিয়ে সুইজারল্যান্ডসহ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ সিরিজ। ১৩, ১৪ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিনিয়র জাতীয় দলে অনূর্ধ্ব-২১ দলের ৮ জন খেলোয়াড়ও আছেন।
টিএসএন
