৩৯ শটে ৮ গোল—প্রিমিয়ার লিগে মৌসুমসেরা এক অবিস্মরণীয় থ্রিলার

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল যে কেন বিশ্বজুড়ে সবচেয়ে আকর্ষণীয় লিগ হিসেবে বিবেচিত, তার নিখুঁত প্রমাণ মিলল ওল্ড ট্রাফোর্ডে। গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ উপহার দিল এমন এক ম্যাচ, যেখানে নাটক, রোমাঞ্চ আর উত্তেজনা—সবকিছুই ছিল উপচে পড়া। ৯০ মিনিটে আটটি গোল, একের পর এক লিড বদল, আর শেষ পর্যন্ত ৪-৪ গোলের ড্র—এই ম্যাচকে চলতি মৌসুমের সেরা বলে আখ্যা দিয়েছেন সাবেক ইংল্যান্ড ও লিভারপুল ডিফেন্ডার, ফুটবল বিশ্লেষক জেমি ক্যারাঘার।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল তুলনামূলকভাবে শান্ত। নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। এরই পুরস্কার আসে ম্যাচের ১৩তম মিনিটে—আমাদ দিয়ালো দারুণ এক ফিনিশে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বড় সময়জুড়ে বোর্নমাউথ কিছুটা ছন্নছাড়া থাকলেও ৪০ মিনিটে আন্তোন সেমেনিও গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে বিরতির ঠিক আগে কাসেমিরোর গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় রুবেন আমোরিমের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে যেন সম্পূর্ণ ভিন্ন এক ম্যাচ দেখল দর্শকরা। বিরতি থেকে ফিরেই এভানিলসনের গোলে সমতা ফেরায় বোর্নমাউথ। এরপর ৫২ মিনিটে মার্কাস তাভেরনিয়ের গোল করলে প্রথমবারের মতো লিড নেয় সফরকারীরা। তখন থেকেই ম্যাচে শুরু হয় প্রকৃত থ্রিলার। ৭৭ মিনিটে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ গোল করে সমতা ফেরান, আর মাত্র দুই মিনিট পর মাথেউস কানহার গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে যখন ইউনাইটেড সমর্থকেরা জয়ের স্বপ্ন দেখছেন, তখনই সব এলোমেলো করে দেন ১৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি। ৮৪ মিনিটে তাঁর করা গোলে আবারও সমতায় ফেরে বোর্নমাউথ। বাকি সময় দুই দলই মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল আসেনি। নাটকীয় এই লড়াই শেষ হয় ৪-৪ গোলের সমতায়।

ম্যাচের পরিসংখ্যানই বলে দেয়, কতটা আক্রমণাত্মক ও খোলা খেলেছে দুই দল। মোট ৩৯টি শট নেওয়া হয়েছে, যা গোলরক্ষকদের জন্য ছিল চরম পরীক্ষা।

ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান :

বিষয়ম্যানচেস্টার ইউনাইটেডবোর্নমাউথ
গোল
শট২৫১৪
ম্যাচের ফল৪-৪ ড্র
লিগ অবস্থান৬ষ্ঠ১৩তম

শেষ দিকে বোর্নমাউথের ডেভিড ব্রুকসের দুটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে না দিলে ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্স, তাহলে সফরকারীরাই হয়তো পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরত। এই ড্রয়ে শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে ইউনাইটেডের। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে, বোর্নমাউথ লিগে টানা সাত ম্যাচ ধরে জয়হীন থাকলেও এই পারফরম্যান্সে আত্মবিশ্বাস পাবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

স্কাই স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ক্যারাঘার বলেন,
‘প্রথমার্ধে ইউনাইটেড ছিল দুর্দান্ত, দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ ছিল অসাধারণ। এমন ম্যাচ খুব কমই দেখা যায়। নিঃসন্দেহে এটি চলতি মৌসুমের সেরা ম্যাচ।’

ম্যাচ শেষে হতাশ ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেন,
‘দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে উপভোগ্য ছিল। কিন্তু ঘরের মাঠে আমাদের জেতা উচিত ছিল। পারফরম্যান্স আগের চেয়ে ভালো, কিন্তু ফল একই—এটাই সবচেয়ে হতাশার।’

Leave a Comment