৫ শতাধিক কারাতেকা নিয়ে ‘মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত’

সারা দেশের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘মার্শাল আর্ট বিডি কারাতে প্রতিযোগিতা ২০২৪’। এ প্রতিযোগিতায় ৮৪টি ইভেন্টে পাঁচ শতাধিক কারাতেকা অংশগ্রহণ করেন।

শুক্রবার রাজধানীর ধামন্ডিতে সারা দেশ থেকে আগত ২৪টি অংশগ্রহণকারী দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে মার্শাল আর্ট বিডি। প্রতিযোগিতার খেলাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন একে এফবিকে এফ-এর বিজ্ঞ বিচারকমণ্ডলী।

খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় মার্শাল আর্ট বিডি-এর প্রতিষ্ঠাতা সেন্সেই নাজমুল সাহাদাত বলেন, “আমরা আমাদের জীবনধারা বদলানোর চিন্তা করি ও চেষ্টা করি, তবে সঠিক চিন্তাভাবনা এবং কৌশলের অভাবের কারণে অনেক সময় সফলতা আসে না। আমাদের জীবনধারা বদলানোর মূল শক্তি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো, আত্মরক্ষা ও সাহস সঞ্চয় করা, শৃঙ্খলা বজায় রাখা, শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়ানো, ধৈর্য এবং সাধনা বৃদ্ধি করা এবং সামাজিক দক্ষতা উন্নয়ন করা। কারাতে এসব ক্ষেত্রেই সাহায্য করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “ঢাকায় পর্যাপ্ত উন্মুক্ত মাঠের অভাবের কারণে অনেক শিশুরা শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে না, তবে কারাতে এক্ষেত্রে একটি সুন্দর সমাধান হতে পারে। এটি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী করে তুলবে। সুস্থ জীবন থেকে শুরু করে চিন্তাশীল, ডিসিপ্লিনড, কনফিডেন্ট এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সহায়তা করে। আসুন, কারাতে শিখে আত্মপ্রত্যয়ী হই।”

মার্শাল আর্ট বিডি-এর জেনারেল সেক্রেটারি সেন্সেই আশফিরা সুলতানা বলেন, “বিশেষ করে নারীদের কারাতে শেখার জন্য বাংলাদেশে এখনো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে ১৯৮০ সালে প্রথম নারীরা কারাতে প্রশিক্ষণ নিতে শুরু করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কারাতের অনুশীলন আরও শানিত করা সম্ভব।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “বিশেষ করে মায়েদের বলব, যারা এখনো আপনার সন্তানকে মার্শাল আর্ট শেখাননি, এই ডিজিটাল যুগে তাদের ঘরে বন্দি না রেখে, আসুন কারাতে শিখাই। এর মাধ্যমে তাদের জীবনকে আরও সুন্দর ও সুসংগঠিতভাবে গড়ে তুলুন।”

Leave a Comment