অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার অনুপস্থিতিতে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার তানভির সাঙ্ঘা। প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যাম্পা। তার বদলে তানভিরকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মূলত দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন জ্যাম্পা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই ছুটি নিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে সফল এই লেগ স্পিনার।
এর আগে ভ্রমণজনিত সমস্যার কারণে পার্থে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি জ্যাম্পা। তবে অ্যাডিলেইডে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেই ম্যাচ সেরা হন ৩৩ বছর বয়সী এই বোলার।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন তানভির সাঙ্ঘা। তবে ওই বছর সাত ম্যাচ খেলার পর আর দলে জায়গা পাননি।
২০২৩ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এবার আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ফিরছেন বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা এই লেগ স্পিনার।
ক্যানবেরায় আগামী বুধবার শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টিএসএন
