১১.৩ মিলিয়ন ডলারের ঘাটতি ক্রিকেট অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে আয় বেড়লেও ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির হিসাব ১ কোটি ১৩ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৭৩ লাখ মার্কিন ডলার) ঘাটতিতে শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএর বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়।

নতুন ঘরোয়া মিডিয়া চুক্তি এবং ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের আয়ের কারণে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ মিলিয়ন ডলার বেশি। তবে খরচ বেড়েছে ২৪.১ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রধানত ভারতের সিরিজের বিপণন খরচ এবং জাতীয় দলের অতিরিক্ত সফরের ব্যয় অন্তর্ভুক্ত। সদস্য রাজ্যগুলোর মধ্যে বিতরণকৃত অর্থ সামান্য বেড়ে ১২০.৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আর্থিক ঘাটতির বিষয়টি কঠোর সমালোচনা করেছে ক্রিকেট ভিক্টোরিয়া। সংস্থাটির চেয়ারম্যান রস হেপবার্ন বলেন, “২০১৯ সাল থেকে কোভিড-১৯ এবং বিশ্বকাপ থেকে আসা রাজস্ব বাদ দিলে, ক্রিকেট অস্ট্রেলিয়ার হিসাব প্রতি বছরই ঘাটতি দেখাচ্ছে।”

তবে কিছুটা আশার খবরে জানানো হয়েছে যে, সিএ আগামী বছরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ এবং ভারতের বিপক্ষে হোয়াইট-বল সিরিজ থেকে উল্লেখযোগ্য মুনাফার আশা করছে। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ আশা প্রকাশ করেছেন, এই আয় সংস্থাটিকে পুনরায় আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে দেবে।

সিএ এছাড়াও বিবিএল (বিগ ব্যাশ লিগ) তে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়া নিয়ে ভাবছে, যাতে টুর্নামেন্টের প্রতিযোগিতা ও আয় বৃদ্ধি পায়। তবে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সদস্য রাজ্যগুলোর সমর্থন এখন সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

Leave a Comment