গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ফরাসি তারকা। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ শাবি আলোন্সোসহ দলের সকল খেলোয়াড়।

পুরস্কার জয়ের পর এমবাপ্পে বলেন, “গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের। এটি আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একজন ফরোয়ার্ড হিসেবে এর মূল্য আমার কাছে অনেক।” তিনি আরও বলেন, “এই খেলোয়াড়দের ছাড়া এটি সম্ভব হতো না। আমি ক্লাব, চিকিৎসক এবং স্টাফদের ধন্যবাদ জানাই, যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে সাহায্য করেছেন। আশা করি, পরের বছর আবারও এটি জিতব। আমি এই মৌসুমে ভালোভাবে শুরু করেছি।”

ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। ২০২৪-২৫ মৌসুমের জন্য পুরস্কারটি এমবাপ্পের। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমেই লা লিগায় ৩১ গোল করেছেন তিনি।

বিজয়ী নির্ধারণ করা হয় পয়েন্টের ভিত্তিতে। এমবাপ্পে ৬২ পয়েন্ট পান। ৫৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন স্পোর্তিং সিপির ভিক্তর ইয়োকেরেস। লিভারপুলের মোহামেদ সালাহ ৫৮ পয়েন্ট পেয়ে তৃতীয় হন।

রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন এমবাপ্পে। এর আগে ২০১৪-১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন, যিনি ক্যারিয়ারে মোট চারবার এই পুরস্কার পেয়েছেন। রেকর্ডধারী লিওনেল মেসি ছয়বার জিতেছেন।

গতবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন, তার আগের মৌসুমে আর্লিং হলান্ড। তার আগে দুই মৌসুম ধারাবাহিকভাবে জিতেছিলেন রবের্ত লেভানদোভস্কি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। তার চেয়ে বেশি গোল নেই আর কারও। রিয়াল মাদ্রিদও লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা ১৩ ম্যাচের ১২টি জিতেছে।

Leave a Comment