সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃ’ত্যু

ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের সাবেক ফার্স্ট ক্লাস ও অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার রাজেশ বনিক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (TCA) এই সংবাদ নিশ্চিত করেছে।

রাজেশ ত্রিপুরা রাজ্য দলের হয়ে ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ত্রিপুরার অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্বে তিনি ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

রাজেশের মৃত্যুতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত দে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,
“এটি অত্যন্ত দুঃখজনক যে আমরা আমাদের অত্যন্ত প্রতিভাবান সাবেক ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচককে হারালাম। আমরা সবাই শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

ত্রিপুরার হয়ে রাজেশ ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে প্রায় দেড় হাজার রান করেছেন। এছাড়া তার ২৪টি লিস্ট-এ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

রাজেশ ২০০০ সালে ইরফান পাঠান ও আম্বাতি রাইডুর সঙ্গে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৫ এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট খেলেছেন। একই বছর ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরের দলে ছিলেন এই ডানহাতি ব্যাটার।

তিনি বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, এমএ চিদম্বরম ট্রফি, বুচি বাবু ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি এবং জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টসহ ত্রিপুরার হয়ে বহু বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

বর্তমানে ত্রিপুরা আগরতলায় বেঙ্গালের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে। রাজেশকে শ্রদ্ধা জানাতে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেছেন।

Leave a Comment