অপেক্ষা দীর্ঘ হলো না জেমিসন-সোধির

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। যথারীতি দলের নেতৃত্বে আছেন মিচেল সান্টনার।

দলে ফিরেছেন কাইল জেমিসন ও ইশ সোধি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন জেমিসন, কিন্তু চোটের কারণে তাকে পরে বাদ দিতে হয়। এক সিরিজ বিরতির পরই দলে ফিরলেন এই লম্বা পেসার।

ইশ সোধির অপেক্ষাও দীর্ঘ হলো না। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে ছাড়াই খেলেছিল কিউইরা। উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় রেখে বিশ্বকাপের আগে দলে ফেরানো হয়েছে এই স্পিনারকে।

এদিকে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ। টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

চোটের কারণে দলে রাখা হয়নি ম্যাট হেনরি, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্সকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি শুরু হবে ৫ নভেম্বর। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯, ১০ ও ১৩ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, টিম রবিনসন, টিম সাইফার্ট, ইশ সোধি, জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, মার্ক চাপম্যান ও নাথান স্মিথ।

Leave a Comment