এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ভারতের। ‘সি’ গ্রুপে তাদের হাতে থাকা দুটি ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতা। এর একটি ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। আনুষ্ঠানিকতা হলেও যেকোনো মূল্যে জামাল ভূঁইয়ার দলকে হারাতে চায় ভারত—এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ খালিদ জামিল।
ভারতের মতোই বাংলাদেশেরও এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সব আশা শেষ। নিজেদের শেষ ম্যাচে ১৪ অক্টোবর হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের কাবরেরার দল। একই দিনে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় ভারত। ফলে দুই দলই বিদায় নেয় বাছাইপর্ব থেকে।
আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। গত মার্চে দুই দলের প্রথম লড়াইটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। চারটি করে ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট, অবস্থান যথাক্রমে তিন ও চার নম্বরে।
সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে জামিল বলেন, “বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেকোনো মূল্যে আমাদের জিততে হবে। এখন জাতীয় দলের সবচেয়ে বেশি দরকার একটা জয়।”
সাম্প্রতিক ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে চান জামিল। তিনি বলেন, “সিঙ্গাপুর ম্যাচে হারের দায় আমার। সেই ম্যাচের কথা ভেবে লাভ নেই। কিছু ভুলের কারণে হেরেছি, এখন সামনে তাকাতে হবে।”
দলের শক্তি বাড়াতে মানসম্মত খেলোয়াড়দের প্রাধান্য দিতে চান ভারতীয় কোচ। তাঁর ভাষায়, “জাতীয় দলের জন্য আমাদের এমন ফুটবলার দরকার, যারা শেষ পর্যন্ত লড়াই করতে পারে, মাঠে সর্বস্ব উজাড় করে দেয় এবং দলের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে।”
এদিকে ভারতীয় ফুটবলে চলছে অস্থিরতা। শীর্ষ লিগ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এ পরিস্থিতি জাতীয় দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে মনে করেন জামিল। তিনি বলেন, “এতে সমস্যা হওয়ার কথা নয়। দেশের ফুটবলে যা-ই হোক না কেন, খেলোয়াড়দের কাজ দেশের জন্য সেরাটা দেওয়া। আমি লিগ নিয়ে আশাবাদী।”
