যে নতুন ‘অস্ত্র’ বিধ্বংসী রূপে ফেরাল বাবরকে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাবর আজম। তবে তিনি শুধু ফিরে আসেননি, বরং রাজসিকভাবে আবারও নিজেকে ‘সিংহাসনে’ প্রতিষ্ঠিত করেছেন এবং একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন।

তবে বাবরের সেরা পারফরম্যান্সটি দেখা গেছে সিরিজের শেষ ম্যাচে। ৪৭ বল থেকে ৬৮ রানের ঝড়ো ইনিংসে পাকিস্তানকে এনে দেন ২-১ ব্যবধানে সিরিজ জয়। প্রথম ম্যাচে হারলেও, এই ইনিংসের বদৌলতে পাকিস্তান শেষ পর্যন্ত জয় পেয়েছে।

বাবর এর আগেও এমন ইনিংস খেলেছেন, এমনকি টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও রয়েছে তার। তবে এই ইনিংসটি ছিল কিছুটা আলাদা।

বাবরকে সাধারণত ক্লাসিক কাভার ড্রাইভ এবং স্ট্রেইট ব্যাট শটে রান করতে দেখা যায়। কিন্তু এবার, অপ্রথাগত শটেও তাকে রান করতে দেখা গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সুইপ শট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, যা আগে বাবর খুব স্বচ্ছন্দভাবে খেলতেন না। কিন্তু শনিবার রাতের ম্যাচে এই শটটি একেবারেই নতুনভাবে দেখা গেল এবং বাবর তা থেকে অনেক রানও সংগ্রহ করেন।

পাকিস্তানের বর্তমান অধিনায়ক সালমান আলি আগারও বিষয়টি লক্ষ্য করেছেন। তিনি বলেন, “সেই সুইপ শট, যা সাধারণত বাবরের সঙ্গে মেলে না, আজ তাকে অনেক রান এনে দিয়েছে। সে জানে, একজন বড় খেলোয়াড় হিসেবে নিজের খেলা আরও উন্নত করতে হবে। আমি সত্যিই আশা করি, ভবিষ্যতে আমরা এমন বাবরকেই দেখব। কারণ যদি সে এমন পারফর্ম করে, আমরা অবশ্যই ম্যাচ জিতব। এটা আমাদের জন্য দারুণ বার্তা।”

সালমান আরও বলেন, “আমরা সবাই বাবরের জন্য খুব খুশি। পুরো দেশ তার ওপর গর্বিত। বড় ম্যাচে বড় খেলোয়াড়ই উঠে আসে, আর আজ বাবর সেটাই করেছে। আমি চাই, আগামী চার-পাঁচ বছর আমরা এই বাবরকেই দেখি।”

Leave a Comment