শাহিন আফ্রিদির ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক জয়ে রাঙাল পাকিস্তান

১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটল পাকিস্তানের জয় দিয়ে, আর সেই জয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলো শাহিন শাহ আফ্রিদির। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় লড়াই শেষে ২ উইকেটের জয় পায় স্বাগতিকরা।

ইকবাল স্টেডিয়ামের মন্থর উইকেটে ২৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে জয়ের দেখা পায় পাকিস্তান। একসময় জয়ের পথে সহজেই এগিয়ে যাচ্ছিল আফ্রিদির দল, শেষ ৫ ওভারে দরকার ছিল মাত্র ২৯ রান এবং হাতে ছিল ৬ উইকেট। কিন্তু হঠাৎই ধস নেমে তিন ওভারে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি, ফলে ম্যাচে ফেরে উত্তেজনা। তবে সালমান আলি আগার ধৈর্যশীল ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা করে দুর্দান্ত। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬২ রান তোলেন দুই ওপেনার। ডানহাতি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ৪৭ বলে ফিফটি পূর্ণ করেন এবং করেন ৬০ বলে ৫৭ রান। তার সঙ্গে কুইন্টন ডি কক করেন ৭১ বলে ৬৩ রান। তাদের ওপেনিং জুটিতে আসে ৯৮ রান। তবে সেখান থেকে ব্যাটিং ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ৩৩ ওভারে ৩ উইকেটে ১৯১ থেকে ৩৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডি ককের ব্যাটে প্রথমে সম্ভাবনা জাগালেও পরের অংশে পাকিস্তানি বোলারদের দাপটে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। স্পিনে আবরার আহমেদ ও সাইম আইয়ুবের জুটি তুলে নেয় গুরুত্বপূর্ণ উইকেটগুলো। আবরার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন লুঙ্গি এনগিডিকে এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলিয়ে, কিন্তু রিভিউতে বেঁচে যান এনগিডি। নবম উইকেটে কর্বিন বশের সঙ্গে ৩৪ রানের জুটি দলকে দুইশ পের করায় সাহায্য করে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৬৩ রানে।

পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ ৩টি করে উইকেট নেন। শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ নেন ১টি করে উইকেট।

রান তাড়ায় ফাখার জামান ও সাইম আইয়ুব দলের হয়ে চমৎকার সূচনা এনে দেন। প্রথম ১৫ ওভারে দল তোলে ৮৬ রান। এরপর ফেরেইরা এক ওভারে ফেরান সাইমকে (৪২ বলে ৩৯), পরের ওভারে বিদায় নেন ফাখার (৫৭ বলে ৪৫)। বাবর আজমও বড় ইনিংস খেলতে পারেননি, করেন মাত্র ৭ রান।

কিন্তু চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার ১১১ বলে ৯১ রানের জুটিতে পাকিস্তান আবার নিয়ন্ত্রণ নেয়। রিজওয়ান ৬৬ বলে ৫৫ ও সালমান ৭১ বলে ৬২ রান করেন। শেষ দিকে কিছুটা ধস নামলেও সালমানের অভিজ্ঞতায় শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এদিন সালমান আলি আগাকে ম্যাচসেরার স্বীকৃতি দেওয়া হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।


সংক্ষিপ্ত স্কোর

দলইনিংসরানপ্রধান ব্যাটসম্যানপ্রধান বোলার
দক্ষিণ আফ্রিকা৪৯.১ ওভারে ২৬৩প্রিটোরিয়াস ৫৭, ডি কক ৬৩, ব্রিটস্কি ৪২, বশ ৪১নাসিম ৩/৪০, আবরার ৩/৫৩, আফ্রিদি ১/৫৫, নাওয়াজ ১/৪৫
পাকিস্তান৪৯.৪ ওভারে ২৬৪/৮ফাখার ৪৫, সাইম ৩৯, রিজওয়ান ৫৫, সালমান ৬২এনগিডি ২/৪৬, ফেরেইরা ২/৫৩, বশ ২/৩২, ফোরটান ১/৩৮

ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী
সিরিজ অবস্থা: পাকিস্তান ১–০ তে এগিয়ে
ম্যাচসেরা: সালমান আলি আগা

Leave a Comment