অজিদের বিরুদ্ধে জয়ে ফের নকভিকে কটাক্ষ সূর্যর, বললেন— ‘অবশেষে ট্রফি ছুঁতে পারলাম!’

এশিয়া কাপ জয়ের পরও ট্রফি হাতে নেওয়ার সুযোগ পাননি ভারতীয় ক্রিকেটাররা। বিতর্কিতভাবে ট্রফি তুলে নিয়ে পুরস্কার মঞ্চ থেকে চলে গিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। সেই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তান বোর্ডের মধ্যে টানাপোড়েন চলছে। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর আবারও সেই প্রসঙ্গ টেনে সূক্ষ্ম কটাক্ষ করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব

শনিবার ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এর ফলে ভারত পাঁচ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। এই নিয়ে শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিরুদ্ধে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

সিরিজ শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য বলেন,

“অবশেষে যে একটা ট্রফি ছুঁয়ে দেখতে পারছি, ব্যাপারটা দারুণ লাগছে। যখন ট্রফিটাকে হাতে নিলাম, তখন সত্যিই অসাধারণ অনুভূতি হচ্ছিল।”

তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, নকভিকে উদ্দেশ্য করেই এই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

এর পাশাপাশি ভারতীয় মহিলা দলের সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও টেনে আনেন সূর্য। তিনি বলেন,

“ক’দিন আগেই আরেকটা ট্রফি আমাদের দেশে এসেছে— আমাদের মেয়েদের দল বিশ্বকাপ জিতেছে। সেই ট্রফিটাও এখন দেশে পৌঁছে গেছে। একের পর এক ট্রফি জয় এবং সেগুলো হাতে নেওয়ার সুযোগ— এ এক অপূর্ব অনুভূতি।”

আগামী বছর ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রস্তুতি নিয়েই এখন ব্যস্ত ভারতীয় দল। প্রস্তুতি কতটা এগিয়েছে, সে প্রশ্নে সূর্য বলেন,

“সবটা প্রস্তুত বলব না। আসলে সবদিক থেকে তৈরি বলে কিছু হয় না। তবে দল প্রথম ম্যাচ হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বোলাররা জানে কাকে কখন কী করতে হবে। বিশ্বকাপের আগে আরও ২-৩টা সিরিজ আছে, সেই ম্যাচগুলো স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে কাজে লাগবে।”

অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, সঙ্গে সূর্যের ব্যাট ও নেতৃত্বে আত্মবিশ্বাস— সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে এখন এক উজ্জ্বল মনোভাবের ছোঁয়া।

Leave a Comment