আগামী বছর ৪১ বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই বয়সেই তিনি ফুটবলের সবচেয়ে বড় আসরে নামবেন রেকর্ড ষষ্ঠবার। এটাই হবে তার শেষ বিশ্বকাপ, নিজেই নিশ্চিত করলেন পর্তুগিজ তারকা।
সৌদি আরবে চলা একটি পর্যটন সম্মেলন থেকে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে ভিডিও কলে CNN-এর উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, “অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১।”
গত কয়েকটি সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, শিগগিরই তিনি ফুটবল ছাড়বেন। এবার তিনি আরও স্পষ্ট করে বললেন, “শিগগির বলতে আমি এক বা দুই বছরের মধ্যেই।”
পরবর্তী বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে) খেলতে হলে পর্তুগালকে শেষ দুই ম্যাচে মাত্র দুই পয়েন্ট প্রয়োজন। আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেই সেই কাজ সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।
বর্তমানে বাছাইপর্বে চার ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তাঁর গোলের সংখ্যা এখন ১৪৩, যা পুরুষ ফুটবলের বিশ্ব রেকর্ড।
বিদায়ের কথাও বললেও, রোনালদো এখনো ফুটবলকে উপভোগ করছেন। তিনি বলেন, “এ মুহূর্তে দারুণ লাগছে। গোল করছি, এখনও দ্রুত ও চটপটে অনুভূত হয়। জাতীয় দলে খেলাটাও উপভোগ করছি।”
ক্যারিয়ারের শেষ সময় নিয়ে তিনি আরও বলেন, “সত্যি বলতে, যখন বলি ‘শিগগির’, তা মানে এক বা দুই বছরের মধ্যে। ফুটবলের জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। ২৫ বছর ধরে খেলছি, যা করার করেছি। অনেক রেকর্ড আছে যা আমাকে গর্বিত করে। এখন শুধু এই সময়টা উপভোগ করতে চাই।”
রোনালদো এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি — দুজনই খেলবেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে, যা ফুটবলের এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় হিসেবে যোগ হবে।
