২০২৬ বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে। সাত মাসেরও কম সময় বাকি, আর এরই মধ্যে জাতীয় দল, ক্লাব, কোচ, বিশ্লেষক—সবাই বিশ্বমঞ্চের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রতিযোগিতা করা ইন্টার মায়ামি আগেভাগেই আগামী বছরের পূর্ণাঙ্গ ম্যাচসূচি ঘোষণা করেছে। এতে লিওনেল মেসিও স্পষ্ট ধারণা পেয়েছেন, বিশ্বকাপের আগে তাঁর সামনে অপেক্ষা করছে কেমন ব্যস্ত একটি পথ।
২০২৬ সালে ইন্টার মায়ামির সবচেয়ে বড় মাইলফলক নিঃসন্দেহে মায়ামি ফ্রিডম পার্কের উদ্বোধন। তারিখ ঠিক করা হয়েছে ৪ এপ্রিল। টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ শেষে ওই দিনই ঘরের মাঠে অস্টিনের বিপক্ষে খেলতে নামবে মায়ামি। নতুন স্টেডিয়ামের উদ্বোধন হবে সেই ম্যাচেই, যা ক্লাবের ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এমএলএসের আরেক আকর্ষণীয় মুহূর্ত হবে ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষে খেলা। ক্যালিফোর্নিয়ার নতুন এই ক্লাব লিগে যুক্ত হওয়ায় সূচিতে এসেছে নতুন উত্তাপ, নতুন প্রতিদ্বন্দ্বিতা।
এদিকে মহাদেশীয় প্রতিযোগিতা ও বিশ্বকাপ বিবেচনায় এমএলএস কর্তৃপক্ষ বিরতির সময়ও নির্ধারণ করেছে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইন্টার মায়ামি খেলবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে। আর বিশ্বকাপের জন্য বৈশ্বিক বিরতি থাকবে ১১ জুন থেকে ১৯ জুলাই।
ইন্টার মায়ামির জন্য এপ্রিল মাসটি বিশেষ করে কঠিন। ১৮ এপ্রিল কলোরাডো ও ২২ এপ্রিল ইউটাহ—দুটি উচ্চভূমিতে পরপর অ্যাওয়ে ম্যাচ। উভয় ভেন্যুই আবহাওয়ার দিক থেকে কঠিন ও শারীরিক সক্ষমতার বড় পরীক্ষা।
একই সময়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সূচি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। মার্চের ২৩ থেকে ৩১ তারিখের মধ্যে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভেন্যু হিসেবে আলোচনায় লুসাইল স্টেডিয়াম। এরপর জুনের প্রথম সপ্তাহে থাকবে এক–দুটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।
এদিকে মেসির ক্লাব ইন্টার মায়ামি যদি সিনসিনাটির বিপক্ষে কনফারেন্স সেমিফাইনাল জিতে থাকে, তবে দলটি খেলবে ২৯ নভেম্বরের কনফারেন্স ফাইনাল এবং সেটিও জিতলে ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে।
এসব সম্ভাব্য ম্যাচ বাদ দিলেও নিশ্চিতভাবে মেসি বিশ্বকাপের আগে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলবেন—এর মধ্যে ১৫টি ক্লাবের হয়ে ও ১টি জাতীয় দলের হয়ে।
টেবিল: বিশ্বকাপের আগে মেসির ম্যাচসূচি
| তারিখ | প্রতিপক্ষ | প্রতিযোগিতা |
|---|---|---|
| ২২ ফেব্রুয়ারি ২০২৬ | লস অ্যাঞ্জেলেস | এমএলএস |
| ২ মার্চ ২০২৬ | অরল্যান্ডো সিটি | এমএলএস |
| ৮ মার্চ ২০২৬ | এফসি ইউনাইটেড | এমএলএস |
| ১৫ মার্চ ২০২৬ | শার্লট এফসি | এমএলএস |
| অনির্ধারিত | স্পেন | ফিনালিসিমা |
| ২২ মার্চ ২০২৬ | নিউইয়র্ক সিটি এফসি | এমএলএস |
| ১২ এপ্রিল ২০২৬ | নিউইয়র্ক রেড বুলস | এমএলএস |
| ১৯ এপ্রিল ২০২৬ | কলোরাডো র্যাপিডস | এমএলএস |
| ২৩ এপ্রিল ২০২৬ | সল্ট লেক | এমএলএস |
| ২৬ এপ্রিল ২০২৬ | নিউ ইংল্যান্ড রেভল্যুশন | এমএলএস |
| ৩ মে ২০২৬ | অরল্যান্ডো সিটি | এমএলএস |
| ১০ মে ২০২৬ | টরন্টো এফসি | এমএলএস |
| ১৪ মে ২০২৬ | এফসি সিনসিনাটি | এমএলএস |
| ১৮ মে ২০২৬ | পোর্টল্যান্ড টিম্বার্স | এমএলএস |
| ২৫ মে ২০২৬ | শিকাগো ফায়ার | এমএলএস |
| ১১ জুন ২০২৬ | বিশ্বকাপ শুরু | আন্তর্জাতিক |
