ইউরোপীয় ফুটবলের ভবিষ্যত সংকটে: সুপার লিগের লিগ্যাল আঘাত

ইউরোপীয় ক্লাব ফুটবলে ক্ষমতার লড়াই এবার আদালতের মঞ্চে পৌঁছেছে। A22 Sports Management, যারা ইউরোপিয়ান সুপার লিগের মূল উদ্যোগ নিয়েছিলেন, উয়েফার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ৪–৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ মামলা শুরু করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ থেকে ৭০ হাজার কোটি টাকা

২০২৩ সালে CJEU রায় দিয়েছিল যে উয়েফা প্রতিযোগিতায় একচেটিয়া ক্ষমতা ব্যবহার করছে। এই রায়ে বলা হয়েছিল নতুন লিগ বা আয়োজকদের সমান সুযোগ দিতে হবে। তবে A22 অভিযোগ করছে, উয়েফা এখনও পুরনো নিয়ম বজায় রেখেছে এবং নতুন কিছু বিধি যুক্ত করেছে যা রায়ের পরিপন্থী। ফলে উয়েফার অবস্থার কারণে ক্লাবগুলো আর্থিক ক্ষতির শিকার হয়েছে।

২০২৫ সালে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উয়েফা ও A22 আলোচনা চালিয়েছিল। A22 প্রস্তাব দিয়েছিল ‘Unified League’, যেখানে থাকবে আধুনিক ফরম্যাট, স্বাধীন পরিচালন কাঠামো এবং ‘Unify’ ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। কিন্তু উয়েফার অনড় অবস্থানের কারণে আলোচনার পথ বন্ধ হয়ে যায়। এখন আদালতের মাধ্যমে লড়াই ছাড়া সুপার লিগ কর্তৃপক্ষের কোনো বিকল্প নেই।

আইনি ও অর্থনৈতিক প্রভাব

এই মামলা সফল হলে ইউরোপীয় ফুটবলের কাঠামোতে বড় পরিবর্তন ঘটতে পারে। ক্লাব প্রতিযোগিতার ক্ষমতার ভারসাম্য, আয়-বণ্টন এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া—সবকিছুই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। A22 আশা করছে, মামলার মাধ্যমে নতুন লিগগুলোর সমান সুযোগ নিশ্চিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, “এটি শুধু আর্থিক ক্ষতির মামলা নয়। এটি ফুটবলের ভবিষ্যতের জন্য বড় লড়াই। ক্লাবগুলো, আয়োজক এবং দর্শকদের জন্য নতুন মানদণ্ড তৈরি হবে।”

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও বলেছেন, “আমরা চাই ইউরোপীয় ফুটবলে সত্যিকারের সমান সুযোগ এবং প্রতিযোগিতা নিশ্চিত হোক। উয়েফার অবৈধ আধিপত্য স্থায়ী হতে পারবে না।”

এই মামলা ফুটবলের বিশ্বে নতুন এক অধ্যায় খুলতে পারে। এর ফলাফল কেবল ক্লাবগুলোর জন্য নয়, সমর্থক, টেলিভিশন চ্যানেল, স্পনসর এবং পুরো ইউরোপীয় ফুটবল ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Leave a Comment