দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন টেম্বা বাভুমা। তার নেতৃত্বে প্রোটিয়া দল এমন এক দারুণ সফলতা পেয়েছে যা সাম্প্রতিক সময়ে বিরল। এই সাফল্যের প্রশংসা করে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি তুলনা করেছেন বাভুমার ধৈর্যশীল, শান্ত এবং গভীর নেতৃত্বকে ভারতের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনির সঙ্গে।
ইউটিউবে ভারতীয় স্পিনার আর অশ্বিনের শোতে ডি ভিলিয়ার্স বলেন, “ধোনি এবং বাভুমা—দুইজনেই মাঠে খুব কম কথা বলতেন। কিন্তু যখন মুখ খুলতেন, পুরো দল চুপ হয়ে যেত। মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের মূল শক্তি।”
ডি ভিলিয়ার্স স্বীকার করেন, প্রথম দিকে তিনি বাভুমাকে এতটা সফল মনে করেননি। তিনি বলেন, “প্রথম কয়েক বছর আমি নিশ্চিত ছিলাম না। বন্ধুর সঙ্গে আলোচনা করতাম। কিন্তু পরে বুঝলাম, সে এক অন্যধরনের নেতা। বাহ্যিকভাবে কেউ যেন তাকে ছোট বোঝে, তা ঠিক নয়। বইয়ের প্রচ্ছদ দেখে বিচার করা ঠিক নয়।”
বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে এক নতুন যুগ শুরু হয়েছে। তার অধিনায়কত্বে ১২টি টেস্টে ১১টি জয় এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শিরোপা জয়, এবং ভারতের মাটিতে ২৫ বছরের বিরতি শেষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় প্রমাণ করে তার দক্ষতা।
ডি ভিলিয়ার্স আরও যোগ করেন, “নেতৃত্ব মানে চিৎকার করা নয়, সঠিক সময়ে সঠিক বার্তা দেওয়া। বাভুমা সেটি নিখুঁতভাবে করে। তার শান্ত ব্যক্তিত্ব এবং নিরহঙ্কার আচরণ পুরো দলের মনোবলকে শক্ত করে।”
বাভুমা প্রমাণ করেছেন যে, নীরব ব্যক্তি ও শান্ত নেতৃত্বও বড় বিপ্লব ঘটাতে পারে। তার অধিনায়কত্ব কেবল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে পরিবর্তন করেনি, বরং ক্রিকেট বিশ্বের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
