১৪ বছর পর ঝড়! আইপিএল ছাড়লেন ডু প্লেসিস, পাকিস্তান সুপার লিগে খেলতে বড় সিদ্ধান্ত

আইপিএলে ১৪টি মৌসুম কাটানোর পর এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগামী বছর অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন ২০২৬ আইপিএল নিলাম থেকে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে, তবে সেখানে থাকবেন না এই অভিজ্ঞ ব্যাটার। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

৪১ বছর বয়সী ডু প্লেসিসকে গেল নভেম্বরেই ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে নয় ম্যাচে ২০২ রান করেছিলেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ১২৩.৯২। তারকা হিসেবে তার সুনাম থাকলেও গত এক মৌসুম তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে অনেকেই মনে করছেন, তা তার সিদ্ধান্তের একমাত্র কারণ নয়; তিনি নতুন পরিবেশে নিজেকে চ্যালেঞ্জ করতে চাইছেন।

ডু প্লেসিসের আইপিএল যাত্রা শুরু ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১১ থেকে ২০১৫ এবং ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চেন্নাইয়ের জার্সি গায়ে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন তিনি। মাঝের সময়ে খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিন মরশুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও দিয়েছেন তিনি। গত মৌসুমে দিল্লি তাকে কিনেছিল ২ কোটি রুপি ভিত্তিমূল্যে।

নিজের সামাজিক বার্তায় ডু প্লেসিস লিখেছেন, “১৪ মৌসুম পর এবার নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ পথচলা, অগণিত স্মৃতি, অসংখ্য সতীর্থ এবং দুর্দান্ত সব ফ্যান—সবকিছুর জন্য আমার গভীর কৃতজ্ঞতা।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের সংস্কৃতি, বন্ধুত্ব এবং সমর্থকদের উন্মাদনা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

যদিও তিনি বিদায় জানাচ্ছেন, তবে এটা যে স্থায়ী নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন ডু প্লেসিস। তিনি বলেন, “ভারত আমার হৃদয়ের বিশেষ জায়গায়। এটা বিদায় নয়, আমাকে অবশ্যই আবার দেখবেন।” এরই মধ্যে তিনি পিএসএলে খেলার ইঙ্গিত দিয়েছেন এবং নতুন চ্যালেঞ্জে রোমাঞ্চ প্রকাশ করেছেন।

ডু প্লেসিস ২০১৯ সালে পেশাওয়ার জালমির হয়ে এবং ২০২0 সালে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে পিএসএলে খেলেছিলেন। এবার আবারও সেই মঞ্চে ফিরে যাচ্ছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্তে পিএসএলের উত্তেজনা আরও বাড়বে এবং আইপিএলেও নতুন কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে।

ডু প্লেসিসের এই রদবদল শুধু দুই লিগকেই না, সমগ্র টি–টোয়েন্টি বাজারকে নড়েচড়ে বসাতে পারে—এমনই মনে করছে ক্রিকেটবিশ্ব।

Leave a Comment