
বিশ্বকাপের পর এবার বাংলাদেশের মঞ্চে সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপের মঞ্চে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
বৃহস্পতিবার টেকনোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সঞ্জয় দেবের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে নিজের অংশগ্রহণের কথা জানিয়েছেন এই সংগীতশিল্পী। টেকনোর বিশেষ অতিথি পারফর্মার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন সঞ্জয়। ওই আয়োজনে তাঁর সংগীত পরিবেশনার পাশাপাশি পোশাকও বিশেষভাবে আলোচনায় আসে। নিজের বাংলাদেশি পরিচয় ও শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে এমন প্রতীকী উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে নিজের সাংস্কৃতিক সংযোগ তুলে ধরেন তিনি।
বাংলাদেশে পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সঞ্জয় দেব। তিনি বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে সংগীত পরিবেশন করা তাঁর জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতি সম্পূর্ণ আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকদের সঙ্গে আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় টেকনোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ডিজে।
এদিকে সঞ্জয় দেবের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। তিনি বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখেই তাঁর সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মতো আয়োজনে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত।
রেজওয়ানুল হকের ভাষ্য, ফুটবল ও সংগীতের মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিভিন্ন দেশের মানুষকে একত্রিত করতে পারে। এই দুই মাধ্যমের সম্মিলিত আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে দর্শকদের জন্য আনন্দময় ও স্মরণীয় করে তুলতে চায় টেকনো। তাঁদের প্রত্যাশা, উদ্বোধনী রাতের অভিজ্ঞতা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে। আঞ্চলিক ফুটবলের এই প্রতিযোগিতাকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি উদ্বোধনী আয়োজনেও থাকছে বাড়তি আকর্ষণ। আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পাওয়া সঞ্জয় দেবের পরিবেশনা সেই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।