২০২৫ এশিয়া কাপ হকির মতো জুনিয়র বিশ্বকাপ থেকেও সরে দাঁড়াল পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের নাম প্রত্যাহারে শিগগিরই নতুন দলের নাম ঘোষণা করা হবে।
আগামী নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম সংস্করণের পর্দা উঠবে ভারতে। নিজেদের ম্যাচে নিরপেক্ষ ভেন্যুর দাবি তুলেছিল পাকিস্তান। এফআইএইচ সে অনুরোধ মেনে নেয়নি। শেষ পর্যন্ত নাম সরিয়ে নেয় পাকিস্তান।
পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করা হয়। ভারতে টুর্নামেন্ট হওয়ায় অংশ নিতে পারছি না, এতে আমাদের খেলোয়াড়দের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে এখনো ওয়াকিবহল নন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং। তিনি বলেন, ‘পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে ভারতের কাছে আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিক চিঠি আসেনি। পাকিস্তান অংশ না নিলে তাদের পরিবর্তে কোন দল খেলবে তা ঘোষণা করার দায়িত্ব এফআইএইচ-এর।’
চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া দুটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান। গত আগস্টে বিহারে পুরুষ এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছিল তারা। এবার নাম তুলে নিল জুনিয়র বিশ্বকাপ থেকেও।
চলতি বছরের এপ্রিলে পাহেলগাম সন্ত্রাসী হামলা ও ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রতিবেশি দুই দেশের ক্রীড়া সম্পর্কের অবনতি ঘটেছে। ভারত সরকার সম্প্রতি নতুন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। তবে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে বাধা নেই দুই দেশের।
২০২৫ সালের জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ২৪টি দল। ভারতের চেন্নাই ও মাদুরাইতে হবে এই টুর্নামেন্ট। চলবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
