
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে বেলিংহামের চোট নিয়ে ইংল্যান্ড শিবিরে উদ্বেগ
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ সেমিফাইনালের মহারণের বাকি আর মাত্র দুই দিন। ঠিক এই মহূর্তে এসে থমাস টুখেলের ইংল্যান্ড শিবিরে যোগ হলো এক নতুন দুশ্চিন্তা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানো ইংলিশ মাঝমাঠের প্রধান তারকা জুড বেলিংহাম নতুন করে কাঁধের চোটে পড়েছেন।
ভাইকিংদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি শেষ হওয়ার পর নিয়মমাফিক সাংবাদিকদের মুখোমুখি হতে আসছিলেন বেলিংহাম। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে একটি অস্বস্তিকর দৃশ্য। তাকে বারবার নিজের বাঁ কাঁধে হাত বুলাতে এবং ব্যথায় মুখ কুঁচকাতে দেখা যায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস (AS)-এ এই সংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই মূলত ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়। তবে বেলিংহামের জন্য কাঁধের এই সমস্যা একেবারেই নতুন কিছু নয়।
এই ইংলিশ মিডফিল্ডারের কাঁধের পুরোনো চোটের ইতিহাস বেশ দীর্ঘ। সমস্যাটি এতটাই গুরুতর ছিল যে, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ভুল চিকিৎসার কারণে সৃষ্টি হওয়া একটি জটিলতা দূর করতে তাকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এখনও তার জার্সি খুললে সেই অপারেশনের বড় দাগ স্পষ্ট দেখা যায়।
মূলত স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর মধ্যকার একটি ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে প্রথমবার এই কাঁধের চোটের শিকার হন তিনি। এরপর থেকে চোট পুরোপুরি না সারায় মাঠে তীব্র শারীরিক সংঘাত বা সংঘর্ষের মুহূর্তগুলোতে এই পুরোনো ব্যথা বারবার মাথাচাড়া দিয়ে ওঠে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলিংহামকে মাঠের সর্বত্র একাই লড়তে হয়েছে। রক্ষণভাগ থেকে আক্রমণভাগ—সবখানেই ছিল তার বিচরণ। ডি-বক্সে চমৎকার পজিশনিংয়ে গিয়ে যেমন জোড়া গোল করেছেন, ঠিক তেমনি মাঝমাঠে দাঁড়িয়ে আর্লিং হালান্ড কিংবা মার্টিন ওডেগার্ডের মতো বিশ্বমানের তারকাদের আক্রমণ রুখে দিয়েছেন। এই তীব্র শারীরিক লড়াইয়ের প্রতিটি মুহূর্তেই তার কাঁধের ওপর চাপ বাড়ছিল এবং অস্বস্তি তৈরি হচ্ছিল। ম্যাচের এক পর্যায়ে যখন ডাগআউট থেকে কোচ থমাস টুখেল কৌশলগত নির্দেশনা দিচ্ছিলেন, তখন বেলিংহামকে কেবল নিজের কাঁধ চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তার ভেতরের তীব্র কষ্টের কথাই জানান দিচ্ছিল।
বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলের অভিজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিকভাবে এই তারকার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে বুধবার বিকেল ৪টার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে খোদ ইংল্যান্ডে কারও মনে খুব একটা সংশয় নেই। দলের চিকিৎসকদের ধারণা, চোটের তীব্রতা খুব বেশি না হলে বেলিংহামকে মাঠে নামানো হবে। অতীতেও রিয়াল মাদ্রিদের হয়ে কাঁধে বিশেষ সুরক্ষামূলক ব্যান্ডেজ বেঁধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার। ফলে সেমিফাইনালের মতো মঞ্চে দলের সেরা তারকাকে পেতে সব ধরনের চেষ্টাই চালাচ্ছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।