নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ লড়াইয়ে নামছে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঘরের মাঠে ভারতীয় নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা এবার আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগ্রেসদের। অন্যদিকে, ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। ম্যাচটি রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করলেও ব্যাটাররা রান রেট বজায় রাখতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে জয়ে সূচনা করলেও দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে কাছাকাছি লড়াই করেও জয় পাওয়া হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচে।

ভারতের বিপক্ষে ভালো কিছু করতে চাইলে জ্যোতি, ফারজানা ও সুপ্তাদের স্ট্রাইক রেট বাড়াতে হবে। মারুফা, নাহিদারা বল হাতে সেরাটা দিতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সম্ভাবনা রয়েছে।

ভারত দারুণ ফর্মে রয়েছে। আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা, রান পেয়েছেন প্রতীকা রাওয়াল। ধারাবাহিকভাবে ভালো করছেন জেমাইমা রদ্রিগেজ ও দেওল। দীপ্তি শর্মা, রেনুকা ও ক্রান্তি বল হাতে আছেন দুর্দান্ত ছন্দে। ঘরের মাঠে চেনা পরিবেশে এগিয়ে থাকবে ভারত, তবে প্রতিবেশী দুই দলের লড়াই বলেই বাড়তি উত্তেজনা থাকবেই।

টিএসএন

Leave a Comment