বাংলাদেশি সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান পছন্দ হয়নি ড্যারেন স্যামির

বাংলাদেশি দর্শকদের দেওয়া ‘ভুয়া, ভুয়া’ স্লোগান একেবারেই ভালো লাগেনি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামির। শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ চলাকালে বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশে গ্যালারি থেকে বারবার ভেসে আসে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান। এই আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্যামি। ক্যারিয়ারে বহুবার বাংলাদেশে খেলার সুবাদে বাংলা ভাষার সঙ্গে কিছুটা পরিচিত এই ক্যারিবীয় কোচ ভালো করেই জানেন শব্দটির অর্থ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, “দর্শকরা ক্রিকেটারদের সঙ্গে যেভাবে আচরণ করেছে, সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি তারা ‘ভুয়া, ভুয়া’ বলছে, আর আমি জানি এর মানে কী। কিন্তু আমি মনে করি না, কোনো দেশের দর্শক, বিশেষ করে নিজেদের দলের সমর্থক হিসেবে, এমন আচরণ করা উচিত। প্রত্যেক ক্রিকেটারই মাঠে আসে নিজেদের সেরাটা দিতে, তাই তাদের পাশে থাকা উচিত সমর্থকদের।”

তিনি আরও যোগ করেন, “তবুও আমি বলব, বাংলাদেশের দর্শকরা ভালো। তারা তাদের দলকে পারফর্ম করতে দেখতে চায়, এটা ইতিবাচক ব্যাপার। তবে যত বেশি সমর্থন ও উৎসাহ দেবেন, ক্রিকেটাররা তত ভালো করবে। অযথা চাপ না দিয়ে তাদের সাহস জোগান। আমি ফ্যানদের বলব—ক্রিকেটারদের সঙ্গে সুন্দর আচরণ করুন।”

Leave a Comment