আনচেলত্তি বললেন, নেইমার বা ভিনি শতভাগ ফিট না হলে দলে ডাকবেন না

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপের জন্য দলে সুযোগ পাবে শুধু শতভাগ ফিট থাকা খেলোয়াড়রাই। সুপারস্টার নেইমার ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রও এই নিয়মের বাইরে নয়। আনচেলত্তি বলেছেন, “যদি নেইমার বা ভিনিসিয়ুস শারীরিকভাবে ৯০ শতাংশ ফিট থাকেন, আমি শতভাগ ফিট থাকা অন্য খেলোয়াড়কে ডাকব। আমাদের দল প্রতিযোগিতামূলক এবং আক্রমণভাগে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই খেলোয়াড়কে পুরোপুরি ফিট থাকতে হবে।”

ব্রাজিল টিভি চ্যানেল ‘রেকর্ড’-এর অনুষ্ঠান ‘স্পোর্ত রেকর্ড’-এ আনচেলত্তি এই মন্তব্য করেন। দুই বছরেরও বেশি সময় ধরে চোটের কারণে নেইমার দলের বাইরে আছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে এসিএল চোটে অস্ত্রোপচার হওয়ার পর তিনি নিয়মিতভাবে ক্লাব ফুটবলেও ফিরতে পারেননি। সম্প্রতি বাঁ পায়ের হাঁটুর চোট সত্ত্বেও সান্তোসের ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

আনচেলত্তি নেইমারের প্রশংসা করতে ছাড়েননি, বলেন, “সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য, বারবার চোটে পড়ে শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে পারে না।” তবে তিনি আশা দিয়েছেন, নেইমারের সুযোগ এখনও আছে যদি সে শতভাগ ফিটনেস ফিরে পান।

এ বছর ব্রাজিলের আর কোনো ম্যাচ বাকি নেই। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলার পর আনচেলত্তি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন। তাই নেইমারকে দলে ফিরতে হলে সময়ের মধ্যে তার ফিটনেস নিশ্চিত করতে হবে।

Leave a Comment