আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে ইয়ামাল?

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। জুন থেকে এখন পর্যন্ত একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়ালেও, তিনি প্রেমে পড়েছিলেন শুধু একজনের—আর্জেন্টাইন গায়িকা ও র‍্যাপার নিকি নিকোলের।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাত্র তিন মাসের মধ্যেই নিকোলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ইয়ামাল। মাঠে ছন্দ হারানো, চোট আর ব্যক্তিগত বিতর্ক—সব দিক দিয়েই এখন কঠিন সময় পার করছেন এই ১৮ বছর বয়সী উইঙ্গার।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, বিশ্বাসভঙ্গের কারণেই নিকোল সম্পর্ক ভেঙেছেন। ইতালির মিলানে এক পার্টিতে ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে ইয়ামালকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ঘটনাটি জানার পর নিকোল নাকি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

তবে ইয়ামাল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা (আমি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই, কিন্তু তা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা কেবল আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কাউকে ঠকাইনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।”

ইয়ামালের দাবি, প্রতারণা নিয়ে যে গল্প ছড়ানো হচ্ছে, সেগুলো নিছক গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, “যদি কেউ আমাকে প্রতারণা করত, আমি প্রথমেই সবাইকে জানাতাম—আগেও আমি তা করেছি।” তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে নিজের আগের সম্পর্কের কথা, যেটি প্রতারণার কারণেই শেষ হয়েছিল।

তবে ইয়ামালের সঙ্গে তাঁর বিচ্ছেদটি পারস্পরিক সম্মতিতে হয়েছে বলে জানান নিকোল। “আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা দিইনি,” বলেছেন তিনি।

সব বিতর্ক পেছনে ফেলে এখন ফুটবলে মনোযোগ দিতে চাইছেন ইয়ামাল। লা লিগায় এলচের বিপক্ষে বার্সেলোনার ৩–১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি আসে তাঁর পা থেকে। চলতি ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে ইয়ামালের গোল ৪টি এবং অ্যাসিস্ট ৫টি।

Leave a Comment