এনরিকের জন্য নজিরবিহীন চুক্তির পথে পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ইতিহাসে এমন একটি অধ্যায় এসেছে, যা আগে কেবল স্বপ্নের মতো মনে হতো। লুইস এনরিকের হাত ধরে ক্লাবটি ইউরোপের শীর্ষে পৌঁছেছে, এবং এবার প্যারিসিয়ান জায়ান্টরা সেই সাফল্য ধরে রাখতে অভূতপূর্ব পরিকল্পনা হাতে নিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিওয়ারিও এস–এর প্রতিবেদনে জানা গেছে, পিএসজি প্রধান কোচ লুইস এনরিককে এমন একটি চুক্তি দেওয়ার পরিকল্পনা করছে, যা ফুটবল জগতে নজিরবিহীন হতে পারে। এই চুক্তিতে এমনও সম্ভাবনা রয়েছে যে, এনরিককে ‘আজীবন’ কোচের পদ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরকে সরিয়ে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই এনরিক ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে গত মৌসুমে প্যারিসের ক্লাবটি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে—পিএসজির ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত।

এনরিকের অধীনে পিএসজির পরিসংখ্যান চোখে পড়ার মতো:

ম্যাচ সংখ্যাজয়ড্রহারজয় শতাংশ
১৪৩৯৮২৬১৯৬৮.৫৩%

বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও ক্লাব ইতিমধ্যেই এনরিককে ভবিষ্যতের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে শুরু করেছে। শুধু ট্রফি নয়, খেলোয়াড় গঠন, কৌশলগত দর্শন এবং ক্লাব সংস্কৃতির সঙ্গে এনরিককে একসূত্রে বাঁধতে চায় কর্তৃপক্ষ।

মাঠের পারফরম্যান্সও এই আস্থাকে শক্ত করেছে। সম্প্রতি ফরাসি কাপের পঞ্চম স্তরের ক্লাব ভঁদে ফঁতনের বিপক্ষে পিএসজি ৪–০ গোলের জয়ে জয় লাভ করে। গনসালো রামোসের জোড়া গোল এবং দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলের এক একটি গোলে নিশ্চিত হয় স্বস্তির জয়। ম্যাচ শেষে এনরিক বলেন,
“কাপ ম্যাচে এমন পরিবেশে খেলাটা সবসময় বিশেষ। প্রতিপক্ষের মানে পার্থক্য থাকলেও আমরা ম্যাচটা গুরুত্ব দিয়ে নিয়েছি এবং খেলোয়াড়রা দায়িত্ব ঠিকঠাক পালন করেছে।”

এনরিক আরও বলেন,
“সাধারণত মৌসুম শেষে মূল্যায়ন হয়। তবে ক্যালেন্ডার ইয়ার হিসেবে দেখলে ২০২৫ নিঃসন্দেহে ক্লাবের জন্য এক ঐতিহাসিক বছর।”

 পিএসজি এখন শুধু একজন সফল কোচকে ধরে রাখার কথা ভাবছে না, বরং লুইস এনরিককে কেন্দ্র করে ক্লাবের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ে তুলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ফুটবল ইতিহাসে নজিরবিহীন এক চুক্তি বাস্তবায়িত হতে পারে, যা প্যারিসিয়ান জায়ান্টকে ইউরোপীয় মঞ্চে আরও দীর্ঘদিন শীর্ষে রাখার স্বপ্ন দেখাচ্ছে।

Leave a Comment