
এমএলএস কাপ ফাইনাল: মেসি বনাম মুলার, আগের লড়াইয়ের হিসাব কী বলছে
লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। গতকাল প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে মেসি ও তার সতীর্থরা ইতিহাস গড়েছেন।
ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস, যারা ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান ডিয়েগোকে ৩-১ গোলে হারিয়েছে। বাংলাদেশ সময় আগামী ৭ ডিসেম্বর হবে এমএলএস কাপের ফাইনাল। তবে শুধু দলীয় লড়াই নয়, খেলোয়াড় ব্যক্তিত্বের দ্বৈরথও সবার নজর কাড়বে—এবার মুখোমুখি হচ্ছেন মেসি ও জার্মান স্ট্রাইকার টমাস মুলার।
এ মৌসুমের শুরুতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালেও ইন্টার মায়ামি ভ্যাঙ্কুভারের মুখোমুখি হয়েছিল। দুই লেগ মিলিয়ে মায়ামিকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল হোয়াইটক্যাপস, তবে তখন মুলার উপস্থিত ছিলেন না। তাই এবারের ফাইনালে মুলারের আগমন এক অন্য মাত্রা যোগ করেছে।
মেসি-মুলারের পুরনো দ্বৈরথে মুলারের দখলই বেশি। এখন পর্যন্ত তারা ১০বার মুখোমুখি হয়েছেন, যার মধ্যে ৭টিতে জিতেছে মুলারের দল। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল থেকে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল—সব জায়গায় জার্মান তারকার দখল চোখে পড়ে।
যদিও মুলার নিজে ফাইনালের দ্বৈরথকে ছোট করে দেখছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, “এটা মেসি বনাম মুলারের লড়াই নয়, এটা মায়ামি বনাম হোয়াইটক্যাপস। আমরা ভারসাম্যপূর্ণ দল, সবাই একত্রিত। আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই আমরা ভালো খেলেছি।”
তবুও দুই তারকা কেন্দ্রবিন্দুতে থাকবেন, মুলার স্বীকার করেছেন, “যখন দুটি সুপরিচিত তারকা মুখোমুখি হয়, সবাই নজর রাখে। এটা খেলোয়াড়, দল ও ক্লাবের গুরুত্বও বাড়িয়ে দেয়।”