ওয়েম্বলিতে ইউরো ২০২৮ ফাইনাল, কার্ডিফে শুরু মহাযজ্ঞ

২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো ২০২৮) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন কার্ডিফে, আর ফাইনাল হবে ৯ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। বুধবার লন্ডনে আয়োজিত আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ তথ্য ঘোষণা করে।

২৪ দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসজুড়ে মোট ৮টি শহরের ৯টি ভেন্যুতে। খেলাগুলো হবে মোট ৫১টি। ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজন করা হবে শুধু ফাইনাল নয়, একটি সেমিফাইনাল এবং একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচও। অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে। শেষ ষোলোর ম্যাচগুলো ওয়েম্বলি ছাড়া সব ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

পর্যায়ভেন্যু
উদ্বোধনী ম্যাচকার্ডিফ, প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম
কোয়ার্টার ফাইনালডাবলিন, গ্লাসগো, কার্ডিফ, ওয়েম্বলি
সেমিফাইনালওয়েম্বলি স্টেডিয়াম
ফাইনালওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

উয়েফার নিয়ম অনুযায়ী, আয়োজক দেশগুলো এবার সরাসরি টুর্নামেন্টে জায়গা পাচ্ছে না। বাছাইপর্বে খেলে যোগ্যতা অর্জন করতে হবে। তবে বাছাইপর্বে প্রতিটি আয়োজক দেশ আলাদা গ্রুপে থাকবে। যদি কেউ সরাসরি উত্তীর্ণ হতে না পারে, তাহলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই আয়োজক দলকে মূলপর্বে জায়গা দেওয়া হবে।

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন,

“২০২৮ ইউরোতে আমরা ঐক্যবদ্ধভাবে ফুটবলের ভাষায় কথা বলব। ফুটবলের জন্মভূমিতে লাখো সমর্থকের সামনে এই উৎসব আয়োজন আমাদের জন্য গর্বের বিষয়। দর্শকদের অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমরা ম্যাচ আয়োজনের সময় ও ধরনে নতুনত্ব এনেছি।”

একটি স্বাধীন গবেষণায় জানা গেছে, ইউরো ২০২৮-এর কারণে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ৩.৬ বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক প্রভাব পড়বে। কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন ও পর্যটন খাতে এই আয় হবে বলে আশা করছে উয়েফা।

টুর্নামেন্টের নিরাপত্তা ও মান বজায় রাখতে যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড সরকার যৌথভাবে ৭৪০ মিলিয়ন পাউন্ড অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

ইংল্যান্ড বাছাইপর্ব পেরোলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে। ইংল্যান্ডে মোট পাঁচটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ৬ ডিসেম্বর ২০২৬ সালে বেলফাস্টে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ড্র।

Leave a Comment