আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আসর শুরুর আগে দল গোছানোর কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের আগে শেষ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
১৪ সদস্যের ঘোষিত দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার সুযোগ মিলতে পারে ওয়েলিংটনের এই তরুণ অলরাউন্ডারের জন্য।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। এরই মধ্যে ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্মিথের, এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৩টি ওয়ানডে ম্যাচ।
স্মিথের প্রশংসা করে কোচ রব ওয়াল্টার বলেন, ‘নাথান টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছে। আমরা আশা করছি, এই সিরিজেও সে তার ভালো পারফরম্যান্স ধরে রাখবে।’
এদিকে চোট কাটিয়ে নিউজিল্যান্ড দলে ফিরেছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন। সাইড স্ট্রেইনের কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি।
অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি।
এদিকে পেসার ম্যাট হেনরিকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হওয়া ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য তাকে সতেজ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চোটের কারণে দলে জায়গা হয়নি ফিন অ্যালেন (পায়ের ইনজুরি), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলন (হাঁটু), গ্লেন ফিলিপস (গ্রোইন) ও বেন শিয়ার্সের (হ্যামস্ট্রিং)।
অকল্যান্ডে আগামী বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড।
