ডিপিএল: তামিমের সেঞ্চুরিতে সহজ জয় মোহামেডানের

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস): অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। তামিম ১১২ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পারটেক্স ৫৩ রানে ২ উইকেট হারানোর পর মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ৯০ রানে চতুর্থ উইকেট হারায়।

পঞ্চম উইকেটে আহরার আমিন ও জাওয়াদ মোহাম্মদ ৮২ রানের একটি জুটি গড়ে দলকে কিছুটা চাপমুক্ত করেন। আহরার ৮৬ বল খেলে ৭৮ রান এবং জাওয়াদ ৪২ রান করে আউট হন। এর পর আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি, ফলে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায়।

তাইজুল ৪টি এবং নাসুম ৩টি উইকেট নেন।

জবাবে, ৩৫ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে তামিম ৬৫ রানের একটি জুটি গড়েন। হৃদয় ৩৭ রান করে আউট হন। তারপর মুশফিকুর রহিমের সঙ্গে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মোহামেডানের জয় নিশ্চিত করেন তামিম। তিনি ১২৫ রানে অপরাজিত থাকেন, ১১২ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন। মুশফিক ৪টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন।

তিন ম্যাচে ২ জয় ও ৪ পয়েন্ট নিয়ে মোহামেডান টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে, আর সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পারটেক্স টেবিলের নবমস্থানে রয়েছে।

Leave a Comment