ডিসেম্বরে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির নতুন আসরের আগে বড় পরিবর্তন এনেছে আবুধাবি নাইট রাইডার্স। দলটি সিদ্ধান্ত নিয়েছে সুনিল নারাইনকে নেতৃত্ব থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে অধিনায়ক করার। রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন হোল্ডার। ব্যাটে-বলে সমান দক্ষতা দেখিয়ে ১০ ইনিংসে নিয়েছিলেন ১৭ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১২৬ স্ট্রাইকরেটে করেছিলেন ১৮০ রান। এবার মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হলো দলের নেতৃত্বের দায়িত্বও।
অন্যদিকে, নারাইনের নেতৃত্বে আগের আসরগুলোতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় নাইট রাইডার্স। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পায় তারা, আর সাত ম্যাচে হারে। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ হয় তাদের অভিযান। ২০২৩ ও ২০২৪ সালের আসরেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। হতাশাজনক ধারাবাহিকতার পর ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
হোল্ডারের অধিনায়কত্বে এবার শক্তিশালী দলে মাঠে নামবে নাইট রাইডার্স। দলে রয়েছেন আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট ও শেরফেন রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা। নতুন অধিনায়কের নেতৃত্বে নাইট রাইডার্সের অভিযান শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। প্রথম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে খেলবে হোল্ডারের দল।
