বিপিএলের শেষ দুই আসরে মাঠ এবং মাঠের বাইরে দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে বিদেশি খেলোরাও দলে যুক্ত হয়ে চমক দেখিয়েছে তারা। এছাড়াও সমর্থকদের ভালো সংখ্যা দলটিকে শক্তি দিয়েছে। তবে পরবর্তী বিপিএল আসরে ফরচুন বরিশাল আর দেখা যাবে না। বরিশালের মালিকানা নিতে বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানিয়েছেন, তারা জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালকে নিজেদের দলে রাখতে চান।
বিপিএলের শেষ দুটি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম। দুই মৌসুমে দলই চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৩ সালের বিপিএলে ৪৯২ রান করে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। পরের আসরেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি, যেখানে ৪১৩ রান করেছিলেন।
বরিশালের মালিকানা পেলে তামিমের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে আকাবাড়ি হলিডেজের। যদি তামিম সম্মতি দেন, দলেও তাকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী তারা।
এই বিষয়ে কামাল তালুকদার বলেন, ‘আপনি ঠিক বললেন, তামিম ইকবাল। তিনি বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তামিম ভাইকে যোগাযোগ করব। যদি তিনি খেলার জন্য রাজি হন, সর্বোচ্চ চেষ্টা করব তাকে দলে আনতে।’
সব প্রক্রিয়া সম্পন্ন হলে আসন্ন বিপিএলে তারা ফরচুন বরিশালের মতোই তারকাবহুল দল গড়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে খেলোয়াড় ও কোচিং প্যানেলে চমক দেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন কামাল। তিনি বলেন, ‘দলটি পেলে ইনশাআল্লাহ চমক দেখবেন। খেলোয়াড় ও কোচিং প্যানেলের মাধ্যমে চমক থাকবে। দেশি ও বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে দল গড়ে তোলা হবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ থেকে ভালো খেলোয়াড় নেব। নিশ্চিত করতে পারি, আমাদের দলে ভালো খেলোয়াড় থাকবে।’
