
ব্রাজিল ম্যাচের পর ভারতে আসছে বিশ্বকাপের বিশ্বয় কেপ ভার্দে
বিশ্বকাপ ফুটবলে সারা বিশ্বকে চমকে দেওয়া আফ্রিকান দেশ কেপ ভার্দে এবার খেলতে যেতে পারে ভারতে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচ খেলবে ভারতের জাতীয় ফুটবল দল। দেশটির ফুটবলপ্রেমীদের জন্য সেই রোমাঞ্চ এখানেই শেষ হচ্ছে না। ব্রাজিল ম্যাচের পর ভারতীয় সমর্থকদের জন্য অপেক্ষা করছে আরও একটি দারুণ চমক। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) চেষ্টা করছে আফ্রিকা মহাদেশের পরাশক্তি কেপ ভার্দেকে ভারতের মাটিতে নিয়ে এসে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার।
সব আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া ঠিকঠাক এগোল ভারতের বিপক্ষে পোস্টের নিচে দেখা যাবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা ও আলোচিত গোলরক্ষক ভোজিনহাকে। ভারতীয় একটি শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এআইএফএফ সূত্র নিশ্চিত করেছে যে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুর দিকেই ম্যাচটি আয়োজনের জোর পরিকল্পনা চলছে। সূত্রের খবর, কথাবার্তা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। এখনো চূড়ান্ত চুক্তি সই না হলেও ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ভারতে দলটিকে মাঠে নামানোর জোরালো সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, কেপ ভার্দে তাদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। আর প্রথমবার নেমেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই ক্ষুদে দেশটি। টুর্নামেন্টের শুরুতেই তাদের মোকাবেলা করতে হয়েছিল আন্তর্জাতিক ফুটবলের পরাশক্তি ও তারকায় ঠাসা স্পেনকে। তবে বিশ্বসেরাদের ভয়ে পিছিয়ে না গিয়ে বীরত্বের সাথে খেলে শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছিল তারা। পরবর্তীতে এই স্পেনই টুর্নামেন্টের ট্রফি ঘরে তোলে।
শুধু স্পেনই নয়, গ্রুপ পর্বে ফুটবলের আরেক ঐতিহ্যবাহী শক্তি উরুগুয়ের বিপক্ষে লড়াই করে ড্র ছিনিয়ে এনেছিল তারা। তবে বিশ্বকাপে কেপ ভার্দেকে চিরস্মরণীয় করে রাখে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইটি। মেসিময় আর্জেন্টিনার বিপক্ষে একপর্যায়ে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় আফ্রিকার দলটি। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকার পর শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে জয় পায় আর্জেন্টিনা।
সেই ম্যাচে কেপ ভার্দের হয়ে পুরো বিশ্বের নজর কেড়ে নেন তাদের ৩৭ বছর বয়সী দীর্ঘদেহী গোলকিপার ভোজিনহা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা দেশটির রক্ষণভাগকে একাই সামলেছেন তিনি। পুরো টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত ও অবিশ্বাস্য সেভ করে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে আসেন এই তারকা। আর্জেন্টিনার বিপক্ষে অন্তত গোটা চারেক নিশ্চিত গোল ঠেকানোর পাশাপাশি স্পেনের বিশ্বসেরা স্ট্রাইকারদের বিরুদ্ধে তার প্রতিরোধ ছিল প্রতিযোগিতার অন্যতম সেরা পারফরম্যান্স। ভারতের মাটিতে ভোজিনহা পা রাখলে তা হবে এশীয় ফুটবলের দর্শক ও ভক্তদের জন্য এক বিরল অভিজ্ঞতা।