ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি

ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটেছে। ঘটনার প্রেক্ষিতে শনিবার (২৫ অক্টোবর) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছে।

সিএ বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন। তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা (পুলিশ) ব্যাপারটি এখন দেখছে।

ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়া দলের সিকিউরিটি ম্যানেজার ইন্দোরের এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন পরশু সন্ধ্যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করেছে ও আকিল নামে অভিযুক্ত এক বাইক আরোহীকে গ্রেফতার করেছে। এসআই নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বের হয়ে একটা ক্যাফের দিকে যাচ্ছিলেন। তখনই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করতে থাকেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

শ্লীলতাহানির আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আরও এক ঝামেলায় পড়েছিল। তাদের হোটেলে ইঁদুরের উৎপাতের ঘটনাও ঘটেছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দিলে ভয় পেয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা।

Leave a Comment