মানসিক চাপের কারণে বিশ্রামের আবেদন বার্সা ডিফেন্ডার আরাউহোর

বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো চ্যাম্পিয়ন্স লিগের চেলসির বিপক্ষে ০-৩ গোলের বিধ্বংসী হারের পর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। ইংলিশ ক্লাবের মাঠে লাল কার্ড পাওয়ার ঘটনাটি তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বার্সেলোনার কাছে ছুটির আবেদন করেছেন।

২৬ বছর বয়সী উরুগুইয়ান ডিফেন্ডার আরাউহো লা লিগায় দিপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও ম্যাচে অংশ নিতে পারেননি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়েছে, আরাউহো ক্লাবের কাছে সময় চেয়েছেন যাতে তিনি মানসিকভাবে চাপমুক্ত হয়ে নিজের সেরা ছন্দে ফিরে আসতে পারেন।

বার্সেলোনা ক্লাবও তার পাশে দাঁড়িয়েছে। নির্দিষ্ট সময়সীমা না দিয়ে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হবে। সভাপতি জোয়ান লাপোর্তা, ফুটবল পরিচালক ডেকো এবং কোচ হান্সি ফ্লিক প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন।

চেলসির বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর থেকে আরাউহো অনুভব করছিলেন যে মানসিকভাবে তিনি পুরোপুরি খেলার প্রস্তুত নন। দলের এবং নিজের কল্যাণের জন্য তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment