২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। এই বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সব ইঙ্গিত বলছে, দুজনেই এখনও আন্তর্জাতিক মঞ্চে শেষবারের মতো বিশ্বকাপে দেখা যেতে পারেন।
৩৮ বছর বয়সী মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমি চাই ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নিতে।” অন্যদিকে ৪০ বছর বয়সী রোনালদোও আগেই জানিয়েছেন, তিনি নিজের পঞ্চম বিশ্বকাপ খেলার ইচ্ছা রাখেন।
এখন প্রশ্ন—মেসির আর্জেন্টিনা না রোনালদোর পর্তুগাল, কার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?
এই প্রশ্নের জবাব দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার। ২০১০ বিশ্বকাপ ফাইনালে খেলা এই ফুটবলার ছিলেন তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের হয়ে সফল সময় কাটিয়েছেন তিনি। ইতালি, স্পেন, নেদারল্যান্ডস ও তুরস্কের লিগে শিরোপা জয়ের পাশাপাশি ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন।
এই অভিজ্ঞ মিডফিল্ডারের মতে, ২০২৬ বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের সম্ভাবনাই বেশি। ৪১ বছর বয়সী স্নেইডার বলেন, “এটা বলা কঠিন, তবে আমার মতে পর্তুগালের দলটি খুবই শক্তিশালী। তারা অন্যতম ফেভারিট। তাই আমি বলব, মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।”
কাতারে ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। তবে স্নেইডার মনে করেন, সে আসরে ভাগ্যের ছোঁয়াও পেয়েছিল মেসির দল। “আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছিল, কিন্তু কিছুটা ভাগ্যবানও ছিল। আমার দৃষ্টিতে পর্তুগাল বর্তমানে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল,” যোগ করেন তিনি।
২০১৯ সালের আগস্টে ফুটবল থেকে অবসর নেন স্নেইডার। অবসরের আগে কাতারের আল ঘারাফা ক্লাবে খেলেছেন কিছুদিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়—এখন যদি খেলতেন, মেসির মতো যুক্তরাষ্ট্রের এমএলএসে না রোনালদোর মতো সৌদি প্রো লিগে যোগ দিতেন?
স্নেইডারের উত্তর ছিল বেশ সহজ ও বাস্তবসম্মত: “দুটো জায়গাতেই যেতাম। নতুন অভিজ্ঞতা নিতে আমি সবসময় আগ্রহী। তবে কাতারে খেলেছি আগে, তাই এবার এমএলএস বেছে নিতাম। আমার ছেলে লস অ্যাঞ্জেলেসে থাকে, তাই লস অ্যাঞ্জেলেসের কোনো ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সুবিধাজনক হতো। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ঐতিহ্যবাহী ক্লাব, তবে লস অ্যাঞ্জেলেস এফসিও দারুণ পারফর্ম করছে। আমি প্রায়ই ছেলেকে দেখতে লস অ্যাঞ্জেলেসে যাই, তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু যুক্তরাষ্ট্রই আমার প্রথম পছন্দ হতো।”
ওয়েসলি স্নেইডারের মন্তব্য বিশ্বকাপের আগে নতুন করে উসকে দিল ফুটবল বিশ্বের চিরচেনা বিতর্ক—মেসি না রোনালদো, কে বেশি সফল হবেন শেষবারের মতো বিশ্বমঞ্চে?
