ভারতের ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, কারণ আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি অবশেষে ভারত সফরে আসতে যাচ্ছেন। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ নামের এই সফর দেশের চারটি শহরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেবে। মেসি ভারতের ভ্রমণ শুরু করবেন আগামী ১৩ ডিসেম্বর এবং শেষ করবেন ১৫ ডিসেম্বর, সফরের প্রতিটি দিনেই থাকবে আলাদা আয়োজন।
কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি—এই চারটি শহরে মেসির উপস্থিতি ফুটবল প্রেমীদের জন্য হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বিশেষভাবে কলকাতায় ৭০ ফুট উচ্চতার মেসির ভাস্কর্য উন্মোচন হবে, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার কোনো ফুটবলারের ভাস্কর্য হিসেবে নতুন রেকর্ড স্থাপন করবে। যদিও মেসি সরাসরি কলকাতায় ভাস্কর্য উন্মোচনে উপস্থিত থাকবেন না, নিরাপত্তাজনিত কারণে তিনি ভার্চুয়ালি এটি উন্মোচন করবেন।
কলকাতার প্রোগ্রামে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ও রয়েছে, যেখানে আর্জেন্টিনা ও ভারতের সংমিশ্রিত খাবারের আয়োজন করা হয়েছে। আসামের স্বাদে মেশানো আর্জেন্টাইন হার্বাল চা ‘মাতে’, ইলিশ মাছ এবং বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি ভক্তদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুরাল উন্মোচনও হবে বিভিন্ন দুর্গাপূজা প্যান্ডেলে, যেখানে ভক্তরা মেসির জন্য বার্তা লিখতে পারবেন।
মেসি সফরের প্রতিটি শহরে বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করবেন, যার মধ্যে থাকবে হায়দ্রাবাদে সেলিব্রিটি ফুটবল ম্যাচ, মুম্বাইয়ে ফ্যাশন শো ও চ্যারিটি নিলাম এবং দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্থানীয় ফুটবল যুব দলের সঙ্গে সাক্ষাৎ।