শান্ত–তামিম একসাথে রাজশাহীতে! বিপিএল মাতাতে আসছে ওয়ারিয়র্সদের ‘লোকাল পাওয়ার কম্বো’!

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে নতুন উদ্যমে সাজছে রাজশাহী ওয়ারিয়র্স। পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজিটি এবার নিজেদের ঘরের দুই তারকাকে দলে টেনে শক্তিশালী দল গড়ার ঘোষণা দিয়েছে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম দুজনই এখন রাজশাহীর যোদ্ধা।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার আজ (৯ নভেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,

“তানজিদ তামিমই শুধু নয়, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। শান্তকে দলে পেয়ে আমি সত্যিই আনন্দিত। ওর সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে।”

রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল পেজেও জানানো হয়েছে, শান্তের নেতৃত্বেই দল মাঠে নামতে পারে। পোস্টে লেখা হয়,

“একজন প্রমাণিত নেতা এবং শীর্ষ পর্যায়ের প্রতিভা আমাদের দলে যোগদান করলেন। রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে স্বাগতম, নাজমুল হোসেন শান্ত।”

এবারের আসরে রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, যারা আগামী পাঁচ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবে। নতুন মালিকানায় দলটি আবার মাঠে ফেরার অপেক্ষায়। ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তারা।

হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর, দল গঠনের কাজও পুরোদমে চলছে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট, তবে তার আগেই রাজশাহী ঘর গোছাচ্ছে দ্রুতগতিতে।

রাজশাহী ওয়ারিয়র্স এবার চায় নতুন করে ঘুরে দাঁড়াতে—নিজেদের শহরের তারকা শান্ত ও তামিমকে ঘিরে গড়া হচ্ছে নতুন স্বপ্নের দল। সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বিপিএল মাঠে রাজশাহীর গর্জনের জন্য।

Leave a Comment