১ লাখ ৪২ হাজার কোটি টাকায় বার্সার ভবিষ্যৎ বদলাতে চান সৌদি যুবরাজ

বার্সেলোনা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। খেলোয়াড়দের বেতন, ঋণ এবং ক্লাব পরিচালনার খরচের বোঝা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব ক্লাবের জন্য এক সম্ভাব্য রূপান্তরের সূত্রপাত হতে পারে। প্রস্তাবিত অর্থের মাধ্যমে ক্লাবের প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ মিটানো সম্ভব, যা ভবিষ্যতে আরও বড় বিনিয়োগের পথ সুগম করবে।

স্পেনের সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, প্রিন্সের এই প্রস্তাব সরাসরি ক্লাবের মালিকানায় বদলের উদ্দেশ্যে নয়। বরং এটি প্রাথমিক যাচাই হিসেবে বিবেচিত হচ্ছে। যেহেতু বার্সা সোসিও-ভিত্তিক মালিকানায় পরিচালিত হয়, তাই একক মালিকের হাতে পুরো ক্লাব দেওয়া সম্ভব নয়। তবে পিআএফের মাধ্যমে আলাদা বাণিজ্যিক শাখায় বিনিয়োগ ক্লাবের অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করতে সাহায্য করতে পারে।

সৌদি আরব ইতিমধ্যেই প্রো লিগে উচ্চ-প্রোফাইল খেলোয়াড় নিয়োগ, ক্লাব অধিগ্রহণ এবং আন্তর্জাতিক ফুটবলে প্রভাব বিস্তার করে আসছে। যুবরাজের বার্সা প্রস্তাব দেশের ‘ভিশন ২০৩০’ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূল উদ্দেশ্য হলো মরু দেশটির অর্থনীতি বৈচিত্র্যকরণ এবং ফুটবলকে আন্তর্জাতিক কৌশলগত শক্তি হিসেবে ব্যবহার করা।

এই প্রস্তাবের ফলে কাতালান ক্লাবের ভবিষ্যৎ নতুন মাত্রা পেতে পারে। শুধুমাত্র ঋণ শোধ নয়, বরং ক্লাবের খেলার মান, ব্র্যান্ড ভ্যালু এবং আন্তর্জাতিক প্রভাবও বাড়তে পারে। খেলোয়াড়, সমর্থক এবং বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল তীব্র হয়েছে।

Leave a Comment