আগামী ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না। বিকল্প হিসেবে নেপালকে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর ১৮ নভেম্বর ঢাকায় হবে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
ওই দুটি ম্যাচ খেলতে নভেম্বরের ৯ তারিখ ঢাকায় আসবেন হামজা দেওয়ান চৌধুরী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
আর জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কাল খেলোয়াড়দের রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে।
নতুন কেউ দলে আসছেন কি না এ বিষয়ে আমের খান বলেছেন হংকং, চায়না ম্যাচের স্কোয়াড নিয়েই কাজ করবেন তাঁরা। তবে কোচ হাভিয়ের কাবরেরা থাকছেন না কাল থেকে। শিগগিরই স্প্যানিশ কোচ দেশে আসবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার।
এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামিদুল ইসলাম। তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না। তবে ১৩ তারিখের প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির হয়ে খেলা এই ফরোয়ার্ড। যে কারণে ফাহামিদুলের দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বাফুফের একটি সূত্রে জানা গেছে, যেহেতু ভারত ম্যাচে খেলতে পারবেন না সেহেতু ১৩ তারিখের প্রীতি ম্যাচের জন্য তাঁকে ডাকা হবে না।
হামজার ৯ তারিখের আসার বিষয়টি নিশ্চিত করেই বলেছেন আমের খান। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটি ম্যাচ খেলবে নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচটি খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের ‘নম্বর এইট’।
তবে শমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তাঁর দল কাভালরি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।
