ডিপিএল: নাইমের সেঞ্চুরিতে ৪২২ রানের রেকর্ড প্রাইম ব্যাংকের

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস): ওপেনার মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। এটি দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান, এমনকি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের ক্ষেত্রেও এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।

বাংলাদেশে আগের সর্বোচ্চ রান ছিল ভারতের, যারা ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল।

এছাড়া, ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান ছিল আবাহনী লিমিটেডের, যারা ২০১৮ সালের মার্চে ডিপিএলে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল।

নয়া রেকর্ড গড়া ম্যাচে প্রাইম ব্যাংক ১৭৩ রানের বড় ব্যবধানে ব্রাদার্সকে হারিয়েছে। ওপেনার নাইম ১৮টি চার ও ৮টি ছক্কায় ১২৫ বলে ১৭৬ রান করেন। সাব্বির হোসেন ৭৩ এবং সাজ্জাদুল হক অপরাজিত ৫০ রান করেন।

প্রাইম ব্যাংক বোলার আল-আমিন হোসেন ৩ উইকেট নেন।

জবাবে, আইচ মোল্লা ছাড়া ব্রাদার্সের কোনো ব্যাটার প্রাইম ব্যাংক বোলারদের বিপক্ষে লড়াই করতে পারেনি। ব্রাদার্স ৪২.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায়। মোল্লা ৭টি চার ও ৫টি ছক্কায় ১১০ বলে ৯৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক মাইশুকুর রহমান।

প্রাইম ব্যাংকের রিশাদ হোসেন ৩টি, হাসান-খালেদ ও শামিম ২টি করে উইকেট নেন।

তিন ম্যাচে ২ জয় ও ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক, আর ব্রাদার্স তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে।

Leave a Comment